উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বসতে রাজি মস্কো-কিয়েভ। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ২ ঘণ্টা কথার পর এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন তিনি।
পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে।’ তবে ক্রেমলিন জানিয়েছে, এই প্রক্রিয়াটি সময় নেবে। এদিকে, যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশ মস্কোর উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। যদিও তাতে একমত নন ট্রাম্প।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর একটি গ্রুপ কলে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে কথা হয়েছে। গোটা বিষয়টি তাঁদের কাছে তুলে ধরা হয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ২ ঘণ্টা কথা হল। রাশিয়া ও ইউক্রেন দ্রুত যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু করবে।’
প্রসঙ্গত, সম্প্রতি ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়েও তিনি উদ্যোগী হয়েছেন।
