উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তুরস্কের ইস্তানবুলে শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনও ফয়সালা না হলেও যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। যুদ্ধবন্দি বিনিময় চুক্তিতে ৬ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরাতে সম্মত হয়েছে রাশিয়া। চুক্তি অনুসারে, আগামী সপ্তাহেই মৃত ইউক্রেনীয় সেনার ৬ হাজার হিমদেহ তুলে দেবে মস্কো। একথা জানিয়েছেন রাশিয়ার তরফে শান্তি প্রতিনিধিদূত প্রধান ভ্লাদিমির মেদিনস্কি।
সোমবার তুরস্কের ইস্তানবুলে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হয় রাশিয়া-ইউক্রেনের মধ্যে। দুটি বিষয়ে মূলত আলোচনা হয় দুই দেশের। যুদ্ধবিরতির কোনও ফয়সালা না হলেও, যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। রাশিয়ার তরফে শান্তি প্রতিনিধিদূত প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, দুই পক্ষই যুদ্ধে আহত অবস্থায় বন্দিদের প্রত্যর্পণে রাজি হয়েছে। বিশেষত যাঁদের বয়স ২৫ বছরের নীচে। রুশ দূত জানান, প্রথমে ইউক্রেনীয় সেনা ও অফিসারদের সংরক্ষিত ৬ হাজার দেহ ফেরত দেওয়া হবে। আমরা সেইসব সৈনিকদের দেহ যথাযথ মর্যাদায় সংরক্ষিত করে রেখেছি। তাঁদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা হয়েছে। আগামী সপ্তাহে ইউক্রেনের হাতে সেইসব দেহ তুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, আমরাও রুশ সেনাদের দেহ ফিরিয়ে নিতে রাজি আছি। ওরা যদি সেই দেহ সংরক্ষিত করে রেখে থাকে তো। এখনও পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি।
