Rozgar Mela | রোজগার মেলা! ৫১ হাজার যুবকের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মোদি

Rozgar Mela | রোজগার মেলা! ৫১ হাজার যুবকের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মোদি

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ফের এক বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। শনিবার ‘রোজগার মেলা’র (Rozgar Mela) ১৯তম সংস্করণে দেশের ৫১ হাজারেরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, দফতর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় (PSU) নিয়োগের লক্ষ্যে এই বিপুল সংখ্যক নিয়োগপত্র বিতরণ করা হয়। এদিন গোটা দেশের ৪৭টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালিত হয়।

নতুন চাকরিপ্রার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিকশিত ভারত গড়ার যাত্রাকে ত্বরান্বিত করতে ভারতের যুবসমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন সুযোগের মাধ্যমে যুবশক্তির ক্ষমতায়নই আমাদের সরকারের মূল অঙ্গীকার।” কেন্দ্রের এই ধারাবাহিক উদ্যোগে এখনও পর্যন্ত ১৮টি সংস্করণের মাধ্যমে প্রায় ১২ লক্ষ চাকরিপ্রার্থীর কর্মসংস্থান হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী নিজের সাম্প্রতিক পাঁচ দেশ সফরের প্রসঙ্গ টেনে বলেন, এই বিদেশ সফর ভারতের যুবকদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের দুয়ার খুলে দেবে। নেদারল্যান্ডসের সঙ্গে সেমিকন্ডাক্টর, জল ও কৃষি নিয়ে আলোচনা এবং টাটা গোষ্ঠীর সঙ্গে ডাচ কোম্পানি ASML-এর চুক্তি ভারতের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি সুইডেন ও সংযুক্ত আরব আমিরশাহীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সুপারকম্পিউটিং, নরওয়েতে গ্রিন টেকনোলজি এবং ইতালির সঙ্গে প্রতিরক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি সংক্রান্ত চুক্তিগুলি ভারতের সাপ্লাই চেইন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রীর দাবি, এই আন্তর্জাতিক চুক্তিগুলি সরাসরি দেশের যুবকদের ভাগ্য ফেরাতে সাহায্য করবে।

রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আর্থিক পরিষেবা এবং উচ্চশিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। মূলত ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অষ্টম শ্রেণি উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতক ও আইটিআই (ITI) সার্টিফিকেটধারীরাও সুযোগ পেয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *