উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের বিদায়বেলা এবং বসন্তের আগমনে প্রকৃতির রূপ বদলালেও, ঘরে ঘরে এখন এক পরিচিত আতঙ্ক—চিকেন পক্স। ভ্যারিসেল্লা জস্টার ভাইরাসের প্রকোপে শরীরজুড়ে যন্ত্রণাদায়ক ফুসকুড়ি আর জ্বরের দাপট বাড়ছে। মূলত বায়ুবাহিত এই রোগ অত্যন্ত ছোঁয়াচে। ছোটদের জন্য প্রতিষেধক থাকলেও, বড়দের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি অনেক বেশি। তাই আগাম সতর্কতা হিসেবে সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে প্রধান রক্ষা কবচ।
ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই চিকিৎসকদের প্রধান পরামর্শ। এক্ষেত্রে আমাদের হাতের কাছের কিছু সাধারণ শাকসবজি দারুণ কার্যকর হতে পারে:
-
সজনে ডাঁটা: গ্রামবাংলার এই অতি সাধারণ সবজিটি আসলে পক্স প্রতিরোধের অব্যর্থ ওষুধ। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল উপাদান রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে, ফলে কোনও সংক্রমণ সহজে বাসা বাঁধতে পারে না।
-
নিম পাতা: আয়ুর্বেদ শাস্ত্রে নিম পাতাকে প্রাকৃতিক জীবাণুনাশক বলা হয়। পক্সের মরশুমে রোজকার পাতে অল্প নিম পাতা ভাজা বা তিতো রাখা জরুরি। শুধু খাবার নয়, নিম পাতা ভেজানো জলে স্নান করলেও সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়।
-
বাঁধাকপি: পক্সের কবলে পড়লে হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। এই সময় শরীরকে পুষ্টি জোগাতে এবং পেট হালকা রাখতে বাঁধাকপি অত্যন্ত কার্যকর।
-
গাজর: গাজরে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন-এ এবং বিটা-ক্যারোটিন শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে, যা শরীরের রোগ প্রতিরোধ কোষগুলিকে সক্রিয় রাখে।
-
করলা বা উচ্ছে: তিতো স্বাদের এই সবজি বসন্তের শুরুতে মহৌষধির কাজ করে। এতে থাকা শক্তিশালী অ্যান্টি-ভাইরাল উপাদান রক্ত পরিষ্কার রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
-
পালং শাক: ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সি-তে ভরপুর পালং শাক শরীরের কোষগুলোকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শক্তি জোগায়।
-
কাঁচা পেঁপে: পেঁপেতে থাকা প্যাপাইন এনজাইম হজম ক্ষমতা বাড়াতে এবং শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে।
আগাম সতর্কতাই শ্রেয়:
টিকা নেওয়া থাকলেও অনেক সময় পক্সের ঝুঁকি থেকে যায়। বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে এই সাবধানতা জরুরি। মরশুমি শাকসবজি খাওয়ার পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার। বসন্তের শুরু থেকেই খাদ্যাভ্যাসে বদল আনলে এই কষ্টদায়ক ব্যাধি থেকে দূরে থাকা সম্ভব।
