দুবাই: বয়স সংখ্যা মাত্র। বুড়ো হাড়ের ভেলকিতে তারই প্রমাণ রাখছেন রোহিত শর্মা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের প্রত্যাবর্তন। যার সুবাদে শচীন তেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভেঙে বয়স্কতম ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল হিটম্যানের।
এক নম্বর স্থান থেকে ছিটকে দিলেন তরুণ সতীর্থ শুভমান গিলকে। অজি সফরে রোহিতকে সরিয়ে শুভমানের হাতেই ওডিআই নেতৃত্ব তুলে দেওয়া হয় ভবিষ্যতের লক্ষ্যে। সেই শুভমানকে সরিয়ে দীর্ঘ কেরিয়ারে প্রথমবার ওডিআই র্যাংকিংয়ে সেরা ব্যাটারের শিরোপা লাভ ৩৮ বছর ১৮২ দিন বয়সি রোহিতের!
আইসিসি ওডিআই ব্যাটিং র্যাংকিংয়ের সবচেয়ে বয়স্কতম শীর্ষস্থান অধিকারী! আগের রেকর্ড ছিল শচীন তেন্ডুলকারের দখলে। ২০১১ সালে ৩৮ বছর ৭৩ দিনে এক নম্বর স্থান দখল করেছিলেন ভারতীয় কিংবদন্তি। শুভমানকে সরিয়ে প্রথমবার শীর্ষে পৌঁছোনোর পথে শচীনকেও পিছনে ফেলে দিলেন রোহিত।
কিছুদিন ধরে রোহিতকে বাতিলের তালিকায় ফেলার চেষ্টা চলছে। আগামীর ভাবনায় তরুণ ব্রিগেডের হয়ে সওয়াল করতে দেখা যায় অনেককে। যদিও আরও একবার সবাইকে ভুল প্রমাণ করলেন হিটম্যান। বোঝালেন ফর্ম সাময়িক। ক্লাস স্থায়ী। অজি সিরিজে তিন ম্যাচে ২০২ রান করেন। এর মধ্যে রয়েছে অপরাজিত ১২১ রানের দৃষ্টিনন্দন ইনিংস। সাফল্যের পুরস্কার ৩৬ পয়েন্ট প্রাপ্তি এবং ৭৪১ থেকে ৭৮১ পয়েন্ট নিয়ে শীর্ষ সিংহাসনে রোহিত।
শুভমান অপরদিকে অজি সিরিজে চূড়ান্ত ব্যর্থ (তিন ম্যাচে ৪৩)। যার ধাক্কায় ২০২৩ সালের শেষ দিক থেকে দখলে রাখা শীর্ষস্থান হাতছাড়া। এক নম্বর থেকে তিনে নেমে গিয়েছেন ভারতের ওডিআই অধিনায়ক। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পাকিস্তানের বাবর আজম ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
বিরাট কোহলি অপরদিকে পঞ্চম থেকে একধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে। সিডনিতে ম্যাচ জেতানো অপরাজিত ৭৪ করলেও প্রথম দুই ম্যাচে শূন্যতে আউট হওয়ার জের আইসিসি র্যাংকিংয়ে। পাঁজরের চোটে মাঠের বাইরে থাকা শ্রেয়স আইয়ার রয়েছেন নবম স্থানে।
বোলিং বিভাগে শীর্ষে আফগানিস্তানের রশিদ খান। ঠিক পিছনেই দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। প্রথম দশে একমাত্র ভারতীয় বোলার কুলদীপ যাদব (সপ্তম)। রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ যথাক্রমে রয়েছেন ত্রয়োদশ ও ষোড়শ স্থানে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মহম্মদ সামি আঠারো নম্বরে।
