মুম্বই: বিশ্বজয়ের জের। একের পর এক সংবর্ধনা ও উদযাপনের মধ্যেই নতুন গুরুদায়িত্ব চাপতে চলেছে শিলিগুড়ির রিচা ঘোষের কাঁধে। আগামী বছরের ডব্লিউপিএলের জন্য বৃহস্পতিবার চার ক্রিকেটারকে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক স্মৃতি মান্ধানা, অজি অলরাউন্ডার অ্যালিসা পেরির সঙ্গে রয়েছেন রিচা। এবং রিচার মধ্যে যে ভবিষ্যতের অধিনায়ক হওয়ার সবরকম মশলা রয়েছে তা স্বীকার করে নিয়েছে আরসিবি কর্তৃপক্ষ।
ডব্লিউপিএলের জন্য আরসিবি-র নতুন হেড কোচ মালোলান রঙ্গরাজন বৃহস্পতিবার বলেছেন, ‘রিচা যেভাবে ঝুঁকি নেয়, চাপের পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলায় একদম সেটাই আমরা চাইছি নিজেদের ব্যাটিং অর্ডারে। ভবিষ্যতে ওর অধিনায়ক হওয়ার সম্ভাবনাও আমরা দেখছি।’
রিচাদের ধরে রাখার মধ্যেই আরসিবি ফ্র্যাঞ্চাইজির বিক্রির কথা সামনে এসেছে। ১৮ বছরের ইতিহাসে প্রথম আইপিএল ট্রফি জয়ের ৬ মাসের মধ্যে বিক্রি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি ফ্যাঞ্চাইজির মালিকানাধীন বহুজাতিক সংস্থা দিয়াজিও, যারা পানীয় ও অ্যালকোহলের ব্যবসার সঙ্গে যুক্ত। বুধবার রাতে দিয়াজিও জানিয়েছে, তারা আইপিএলের সঙ্গে ডব্লিউপিএল ফ্র্যাঞ্চাইজিও বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তারা বিষয়টিকে ‘কৌশলগত পুনর্বিবেচনা’ হিসেবে উল্লেখ করেছে। এবং সংস্থা আশাবাদী, আগামী বছরের ৩১ মার্চের আগে প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। তারা পরিষ্কার করে দিয়েছে, তাদের এই পদক্ষেপের বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে তারা ইতিমধ্যেই অবগত করেছে। তবে ওয়াকিবহল মহলের ধারণা, মালিকানা বদলের প্রক্রিয়ায় মধ্যেও আঁচ পড়বে না নতুন মরশুমের জন্য দল গঠনে।
