শিলিগুড়িঃ আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপ জয়, টানা তিন ম্যাচ হেরে গেলেও আমরা লক্ষ্য থেকে সরে আসিনি। খারাপ সময়ে দলের প্রত্যেকে একসঙ্গে থেকে লড়াই চালিয়ে গিয়েছি। আর তাতেই সফলতা এসেছে। বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে ফিরে একথা জানালেন রিচা ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, তাঁর দেখানো পথেই এই শহর থেকে উঠে আসুক আরও মহিলা ক্রিকেটার। সেই সঙ্গে উসকে দিলেন শিলিগুড়িতে একটি ক্রিকেট স্টেডিয়ামের দাবিও।
টানা তিন ম্যাচ হেরেও যে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব বিশ্ব ক্রিকেটের আসরে সেটাই করে দেখিয়েছে ভারতের মহিলা ব্রিগেড। শিলিগুড়িতে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন রিচা ঘোষ। তিনি বলেন, “আমরা বিশ্বকাপ চ্যম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবার মাঠে নেমেছিলাম। লিগ পর্যায়ে টানা তিন ম্যাচ হেরেছি। তবুও আমরা সরে আসিনি নিজেদের লক্ষ্য থেকে। কিন্তু আমরা প্রতিটি টিম মেম্বার সেই খারাপ সময়ে একসঙ্গে থেকেছি। কী করে কামব্যাক করতে হবে সেই চেষ্টা চালিয়ে গিয়েছি। নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলাকে পাথেয় করেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি।”
বাবাকে পাশে বসিয়ে এদিন রিচা বলেন, ‘‘স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার। আমার সাফল্যে আমার মা-বাবার অবদান সবচেয়ে বেশি। ছোট বেলা থেকে ছেলেদের সঙ্গে খেলেছি। বাবা আমাকে কলকাতা নিয়ে যেতেন খেলাতে। নইলে আজকে এই সাফল্য আসতো না। তবে স্বপ্ন দেখতাম বিশ্বকাপ জয়ের। সেই স্বপ্ন আজ স্বার্থক হয়েছে। এখন লক্ষ্য টি-২০ বিশ্বকাপ জেতা।”
বিশ্বক্রিকেটে শিলিগুড়ি রিচা-ঋদ্ধিমানের মতো ক্রিকেটার উপহার দিলেও শিলিগুড়িতে সেভাবে গড়ে ওঠেনি ক্রিকেটের পরিকাঠামো। নেই ক্রিকেট খেলার জন্য আদর্শ মাঠ। ক্রিকেট স্টেডিয়ামের দাবি বারবার উঠলেও সেটা বাস্তবায়িত হয়নি। এবার সেই দাবিকে উসকে দিলেন রিচা। তিনি বলেন, “শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নের জন্য একটি স্টেডিয়ামের অবশ্যই প্রয়োজন। সরকার নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাবছে। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলার পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন।”
গত রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন রিচারা। মহিলা ভারতীয় দলকে ইতিমধ্যেই অভ্যর্থনা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার শিলিগুড়িতে ফিরেছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যা রিচা ঘোষ। এদিন দুপুরে বিমানে বাগডোগরা আসেন রিচা। এদিন সকাল থেকেই রিচাকে দেখতে বাগডোগরা বিমানবন্দরে ঢল নামে বিপুল মানুষের। হুডখোলা জিপে চেপে বিমানবন্দর থেকে শিলিগুড়িতে ফেরেন রিচা। রিচাকে ঘিরে এদিন উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
সামনেই রিচার অস্ট্রেলিয়া সফর। আগামীতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকেই এখন নিজেকে ব্যস্ত রাখতে চায় রিচা। শনিবারই কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
