উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গভোটের দামামা বাজার আগেই শহরের রাজনৈতিক পারদ চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা। রবিবার কলকাতায় এক কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দিল্লিতে ভাইয়াকে (কেজরিওয়াল) বিদায় করা হয়েছে, এবার বাংলা থেকে দিদির পালা।”
কলকাতায় বিজেপির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেখা গুপ্তা অভিযোগ করেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ধরণ হুবহু এক। তাঁর কথায়, “আমি ভাবছিলাম, দিদি আছেন বাংলায় আর দিল্লিতে ছিলেন ভাইয়া। আপনাদের মনে আছে তো? ভাইয়াকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার কার পালা? দুজনেই একইরকম। সব কিছুতে নিজেদের নাম চিপকাতে চান।” তিনি আরও যোগ করেন, “জনগণের টাকায় সরকারি জনকল্যাণমূলক প্রকল্প চলে। তাহলে সেই প্রকল্পে নিজেদের নাম দেওয়ার আপনারা কে?”
কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে মমতা সরকারকে তোপ দেগে রেখা গুপ্তা প্রশ্ন তোলেন, কেন্দ্র থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলায় পাঠানো সত্ত্বেও কেন সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না? তাঁর দাবি, “বাংলার মানুষ উন্নয়নের মুখ দেখতে পাচ্ছে না। সব টাকা কোথায় উধাও হয়ে যাচ্ছে?”
রাজ্যে নারী নিরাপত্তার অভাব নিয়ে সরব হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কেন এখানকার মেয়েরা নিরাপদ নন? কেন তাঁদের সম্মান রক্ষা করা যাচ্ছে না? দেশের বা বিশ্বের অন্য কোথাও এমন শোচনীয় অবস্থা আমরা দেখিনি।” এই প্রসঙ্গে তিনি আরজি কর ও সন্দেশখালির ঘটনার দিকেও পরোক্ষ ইঙ্গিত করেন।
রেখা গুপ্তার দাবি, বাংলায় সন্ত্রাস, গুন্ডারাজ এবং লোভের রাজনীতির অন্তিম সময় ঘনিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের পেছনে লুকিয়ে থাকতে পারেন, কিন্তু মানুষের কণ্ঠস্বর দমাতে পারবেন না। আসন্ন নির্বাচনে বাংলা বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে।”
