উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিকেলের হালকা খিদে মানেই চপ, সিঙাড়া বা প্যাকেটজাত চিপস? স্বাদের টানে আমরা অনেক সময় স্বাস্থ্যের কথা ভুলে যাই। কিন্তু যদি ডালের পুষ্টি আর পপকর্নের মুচমুচে স্বাদ একইসঙ্গে পাওয়া যায়? সাধারণ মুগ ডাল দিয়ে তৈরি এই ‘পপকর্ন’ কেবল মুখরোচকই নয়, প্রোটিনেও ঠাসা। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে কীভাবে বানাবেন এই অভিনব জলখাবার, দেখে নিন তার ঘরোয়া পদ্ধতি (Recipe)।
কীভাবে বানাবেন?
প্রথমে আধ কাপ ভাঙা মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ডাল ফুলে উঠলে জল ঝরিয়ে একটি সুতির কাপড়ে বিছিয়ে দিন। আধ ঘণ্টা ফ্যানের তলায় রেখে ডালের আর্দ্রতা পুরোপুরি শুকিয়ে নেওয়া জরুরি।
এরপর কড়াইয়ে সামান্য তেল গরম করে মাঝারি আঁচে অল্প অল্প করে ডাল ছাড়ুন। ডাল তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিন। এতে ডালগুলো পপকর্নের মতো ফুটে উঠবে। মাঝেমধ্যে কড়াই ঝাঁকিয়ে দিলে ডাল সব দিক থেকে সমানভাবে ভাজা হবে।
ডাল সোনালি ও মুচমুচে হয়ে এলে তেল ঝরিয়ে টিস্যু পেপারে তুলে নিন। এবার গরম থাকাকালীনই উপর থেকে বিটনুন, চাট মশলা বা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিন।
কেন খাবেন এই পপকর্ন?
বাজারের ভাজাভুজিতে থাকা অতিরিক্ত প্রিজারভেটিভ বা খারাপ তেলের ভয় এখানে নেই। এটি একদিকে যেমন পুষ্টিকর, অন্যদিকে শিশুদের টিফিনের জন্যও চমৎকার বিকল্প। বিকেলের চায়ের আড্ডায় বা বৃষ্টির সন্ধ্যায় এই মুগ ডাল পপকর্ন নিমেষেই সবার মন জয় করে নেবে।
