উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরমে শরীর ঠান্ডা রাখতে ও হজমশক্তি বাড়াতে লাউয়ের জুড়ি মেলা ভার। সাধারণ লাউঘণ্ট বা ঝোলের বদলে এই গরমে একবার ট্রাই করে দেখতে পারেন সুস্বাদু ‘লাউপোড়া ভর্তা’। বেগুনপোড়ার মতোই লাউ ঝলসে তৈরি করা এই পদটি ভাতের সঙ্গে জমে যাবে দারুণ। নিচে রইল বিস্তারিত রন্ধনপ্রণালী।
উপকরণ:
মাঝারি আকারের লাউ (১টি), সর্ষের তেল (১ টেবিল চামচ + ভর্তার জন্য ১ টেবিল চামচ), লবঙ্গ (৬-৭টি), হিং (আধ চা চামচ), বিউলির ডালের বড়ি (৪-৫টি), জিরে (১ টেবিল চামচ), আদাকুচি (১ চা চামচ), পেঁয়াজকুচি (২ টেবিল চামচ), টম্যাটোকুচি (আধ কাপ), লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো ও ধনেগুঁড়ো (১ চা চামচ করে), কসৌরি মেথি (আধ চা চামচ), ধনেপাতা ও নুন (স্বাদমতো)।
প্রণালী:
১. পোড়ানো: লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ছুরি দিয়ে লাউয়ের গায়ে কয়েকটি ছিদ্র করে সর্ষের তেল মাখিয়ে নিন। ছিদ্রগুলির মধ্যে লবঙ্গ গুঁজে দিয়ে গ্যাস জ্বালিয়ে জালের ওপর লাউটি ভালো করে ঝলসে নিন। লাউ নরম হয়ে পুড়লে নামিয়ে ঠান্ডা হতে দিন। ২. চটকে নেওয়া: ঠান্ডা লাউয়ের পোড়া ছাল ছাড়িয়ে হাত বা হাতা দিয়ে মিহি করে চটকে রাখুন। ৩. মশলা কষানো: কড়াইতে তেল গরম করে বড়িগুলি লাল করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে হিং, পেঁয়াজকুচি ও আদাকুচি দিন। পেঁয়াজ বাদামি হলে টম্যাটো এবং গুঁড়ো মশলাগুলো (হলুদ, লঙ্কা, ধনে) ও নুন দিয়ে ভালো করে কষান। মশলা থেকে তেল ছাড়লে চটকে রাখা লাউ মিশিয়ে দিন। ৪. ফিনিশিং টাচ: ৫-১০ মিনিট উচ্চ আঁচে রান্না করুন। শেষে কসৌরি মেথি, ধনেপাতা এবং সামান্য লেবুর রস মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি লাউপোড়া ভর্তা।
