উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির ভোজনরসিক মন মানেই পাঁঠার মাংসের কোনো সুস্বাদু পদ। তবে প্রতি সপ্তাহে একই রেসিপিতে মাংস রান্না করতে করতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি কাটাতে পাতে আনতে পারেন নতুনত্ব। বাদামের বিশেষ স্বাদ যোগ করে পাঁঠার মাংসের কোর্মা তৈরি করে ফেললে তা সাধারণ রান্নায় এনে দেবে আলাদা মাত্রা।
উপকরণ: ৫০০ গ্রাম পাঁঠার মাংস, ১ কাপ আমন্ড (কাঠবাদাম), ২ টি বড় পেঁয়াজ কুচোনো, ৪ টেবিল চামচ টক দই, ৪ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ ধনেগুঁড়ো, ১ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধ চা চামচ হলুদগুঁড়ো, ১টি দারচিনি, ২ টি তেজপাতা, ৪-৫ টি সবুজ এলাচ, ১ টি বড় এলাচ, ৩-৪ ফোঁটা গোলাপজল এবং স্বাদমতো নুন।
প্রণালী: প্রথমে আমন্ডগুলো ভালো করে ধুয়ে ১০ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর খোসা ছাড়িয়ে নিন। অর্ধেকের বেশি বাদাম দইয়ের সঙ্গে মিশিয়ে মিক্সারে মিহি করে পেস্ট তৈরি করে রাখুন। অন্য দিকে, পেঁয়াজ কুচি ঘিয়ে লাল করে ভেজে তুলে রাখুন।
এ বার কড়াইতে ঘি গরম করে গোটা মশলাগুলো (তেজপাতা, দারচিনি, এলাচ) ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পাঁঠার মাংস দিয়ে ভাজুন। মাংসের রং বদলাতে শুরু করলে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষান। এরপর ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। পরিমাণমতো নুন দিয়ে মশলা কষানোর পর বাদাম ও দইয়ের মিশ্রণটি মিশিয়ে দিন। তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিন। অল্প সময় রান্না হওয়ার পর দুই কাপ জল দিয়ে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিন। ধিমে আঁচে প্রায় আধ ঘণ্টা রান্না করুন। মাংস নরম হয়ে এলে বাকি আমন্ডগুলো উপরে ছড়িয়ে দিন। শেষে কয়েক ফোঁটা গোলাপজল ছড়িয়ে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে নামিয়ে নিন।
গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু ‘আমন্ড মাটন কোর্মা’।
