উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএল ২০২৬-এর প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে উড়িয়ে দিয়ে দাপটের সাথে ফাইনালে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs Gujarat Titans Qualifier)। প্রথমে ব্যাট করে ২৫৪ রানের পাহাড় সমান লক্ষ্যমাত্রা দিয়েছিল বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে গুজরাটের ইনিংস শেষ হয় ১৯.৩ ওভারে ১৬২ রানে। গুজরাট ব্যাটিং লাইনআপের বিপর্যয়ে একপেশে ম্যাচে সহজ জয় ছিনিয়ে নিল আরসিবি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক শুভমন গিল। কিন্তু ধরমশালার ২২ গজে আরসিবির ব্যাটারদের সামলাতে ব্যর্থ হয় গুজরাট বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রজত পতিদার, যিনি ৩৩ বলে ৯৩ রানের একটি বিধ্বংসী অপরাজিত ইনিংস উপহার দেন। তাঁর এই ইনিংসে ছিল ৫টি চার এবং ৯টি ছক্কা। এছাড়া বিরাট কোহলি (৪৩), ক্রুণাল পান্ডিয়া (৪৩) এবং দেবদত্ত পডিক্কল (৩০) দলের স্কোর ২৫৪ রানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গুজরাটের বোলারদের মধ্যে জেসন হোল্ডার ও কাগিসো রাবাডা ২টি করে উইকেট নিলেও বেঙ্গালুরুর রান গতি রুখতে পারেননি।
২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় গুজরাট। সাই সুদর্শন দুর্ভাগ্যজনকভাবে ‘হিট উইকেট’ হয়ে সাজঘরে ফেরেন। শুভমন গিল (২) এবং জস বাটলারও (২৯) বড় রান করতে ব্যর্থ হন। দলের পাওয়ার প্লে-তেই ৫টি উইকেট পড়ে যাওয়ায় জয়ের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। একমাত্র রাহুল তেওয়াটিয়া ৪৩ বলে ৬৮ রানের একটি লড়াকু ইনিংস খেলে গুজরাটকে ১৫০ রানের গণ্ডি পার করান।
আরসিবির বোলাররা এদিন ছিলেন অপ্রতিরোধ্য। জেকব ডাফি ৩৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া রাসিখ সালাম ও ভুবনেশ্বর কুমার ২টি করে এবং জশ হেজ়লউড ও ক্রুণাল পান্ডিয়া ১টি করে উইকেট নেন।
