নয়াদিল্লি: গৌতম গম্ভীরের হয়ে আবারও ব্যাট ধরলেন রবিচন্দ্রন অশ্বীন। সবকিছু নিয়ে যেভাবে হেডকোচকে বারবার টার্গেট করা হচ্ছে, তার সঙ্গে একেবারেই সহমত নন প্রাক্তন অফস্পিনার। পাঁচশোর বেশি টেস্ট উইকেটের মালিকের মতে, সমাজমাধ্যমে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, যে কোনও ইস্যুতেই কোনও একজনকে ‘খলনায়ক’ বানিয়ে দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণের পিছনে যথাযথ কোনও যুক্তি নেই।
গৌতম গম্ভীরও অনেক ক্ষেত্রে যার শিকার। অশ্বীনের দাবি, সমস্ত দায় চাপিয়ে কোচকে লক্ষ্য করে যেভাবে পাথর ছোড়াছুড়ি চলছে, তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বলেছেন, ‘কারও সমালোচনা হতেই পারে। কিন্তু আমার মতে, যে কোনও সমালোচনার একটা যুক্তিযুক্ত কারণ থাকা উচিত। যেমন রিয়ান পরাগের ওডিআই দলে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক হয়েছে। ও ভালো নাকি খারাপ তা নিয়ে বলছি না। তবে কোন যুক্তিতে ওর নির্বাচন, সেটা নিয়ে প্রশ্ন চলতে পারেই। কিন্তু সবকিছু নিয়ে পাথর ছোড়াছুড়ি অযৌক্তিক।’
বিরাট কোহলি, রোহিত শর্মার সমর্থকদের আক্রমণের মুখে যেভাবে গম্ভীর পড়ছেন, তা নিয়েও মুখ খুলেছেন। অশ্বীনের কথায়, যেভাবে চরিত্রহনন করা হচ্ছে, তা ক্রীড়াক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। পাশাপাশি প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানার নাম উল্লেখ করে পাশে থাকার বার্তা দিলেন। কিছু ক্রিকেট সমর্থক খেলাটাকে সিনেমার মতো করে দেখছে। কেউ নায়ক, কেউ খলনায়ক। হর্ষিত, প্রসিধের সমালোচনার ক্ষেত্রে সেই ঘৃণা ঝরে পড়তে দেখেছি।
