উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোনা পাচারের অভিযোগে (Gold smuggling) গ্রেপ্তার হয়েছেন কন্নড় অভিনেত্রী (Kannada actor) রানিয়া রাও (Ranya Rao)। জামিনের আবেদনও খারিজ করা হয়েছে তাঁর। এদিকে, বেঙ্গালুরু রাজস্ব গোয়েন্দা দপ্তরের হেপাজতে তাঁর উপর অত্যাচার চালানোর বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিনেত্রী। ধৃত অভিনেত্রী জানিয়েছেন, রাজস্ব গোয়েন্দা দপ্তরের (Directorate of Income Intelligence) আধিকারিকরা তাঁকে একাধিকবার চড়-থাপ্পড় (Slapped) মেরেছেন। এমনকি তাঁকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না এবং সাদা কাগজে সই করতেও বাধ্য করা হয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলকে (Extra Director Normal of DRI) লেখা চিঠিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন রানিয়া। এমনকি তাঁকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও জানিয়েছেন।
গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে প্রায় ১২.৫৬ কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার হন রানিয়া। তিনি দাবি করেছেন, কোনও কিছু ব্যাখা করার সুযোগ না দিয়েই বিমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। অভিনেত্রীর অভিযোগ, গ্রেপ্তারের মুহূর্ত থেকে আদালতে হাজির করা পর্যন্ত দপ্তরের আধিকারিকরা তাঁকে জোর করে কমপক্ষে ১০০টি পৃষ্ঠায় সই করতে বাধ্য করেছে। এমনকি তাঁকে ১০-১৫ বার চড় মেরেছেন এক আধিকারিক। এমনকি ওই আধিকারিককে তিনি চিহ্নিত করতে পারবেন বলেও জানিয়েছেন রানিয়া।
রানিয়া আরও অভিযোগ করেছেন, নতিস্বীকার না করলে তাঁর পিতৃপরিচয় প্রকাশ্যে আনা হবে বলেও হুমকি দিয়েছেন এক ডিআরআই আধিকারিক। তবে তাঁর বাবা এই মামলায় জড়িত নন বলেই দাবি করেছেন রানিয়া। এমনকি হেপাজতে থাকাকালীন তাঁকে ইচ্ছাকৃতভাবে ঘুমোতে দেওয়া হয়নি ও খাবার খেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ধৃত কন্নড় অভিনেত্রী। উল্লেখ্য, গ্রেপ্তারির পরই হেপাজতে থাকাকালীন রানিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রানিয়ার চোখের নিচে কালি পড়ে গিয়েছে। তিনি যে মানসিক চাপে রয়েছেন তা ছবিতেই স্পষ্ট।
