Rajasthan Royals Sale | ওয়ার্নের মাস্টারস্ট্রোক! ১৫ হাজার কোটিতে রাজস্থান বিক্রি হতেই ৪৫০ কোটি পাচ্ছে প্রয়াত কিংবদন্তির পরিবার

Rajasthan Royals Sale | ওয়ার্নের মাস্টারস্ট্রোক! ১৫ হাজার কোটিতে রাজস্থান বিক্রি হতেই ৪৫০ কোটি পাচ্ছে প্রয়াত কিংবদন্তির পরিবার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাঠের ভেতরে তিনি ছিলেন ‘শেন ওয়ার্ন দ্য জাদুকর’, আর মাঠের বাইরে ছিলেন তুখোড় জহুরি। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করার কারিগর ওয়ার্ন (Shane Warne) আজ বেঁচে নেই, কিন্তু তাঁর সুদূরপ্রসারী এক সিদ্ধান্ত রাজস্থান বিক্রির বিপুল লভ্যাংশের অংশীদার করে দিল তাঁর পরিবারকে। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে ১৫ হাজার ২৮৫ কোটি টাকায় রাজস্থান বিক্রি (Rajasthan Royals Sale) হতেই ৩ শতাংশ মালিকানার মালিক হিসেবে ওয়ার্নের পরিবার পাচ্ছে প্রায় ৪৫০ কোটি টাকা।

২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ও কোচ— দুই দায়িত্বই ছিল ওয়ার্নের কাঁধে। ইমার্জিং মিডিয়া গ্রুপের কর্ণধার মনোজ বাদালে ওয়ার্নকে দলের ক্রিকেট সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার দিয়েছিলেন। অতিরিক্ত এই দায়িত্ব পালনের বিনিময়ে ওয়ার্ন তাঁর চুক্তিতে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছিলেন। শর্তটি ছিল: প্রতি বছর দলের ০.৭৫ শতাংশ মালিকানা তাঁর নামে থাকবে। চার বছর দলের সঙ্গে যুক্ত থাকায় তাঁর মোট মালিকানা দাঁড়ায় ৩ শতাংশ।

ওয়ার্ন নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “ওরা চেয়েছিল আমি কোচ ও অধিনায়ক— দুই দায়িত্বই সামলাই। তাই আমি এই অংশীদারিত্বের শর্ত চাপিয়েছিলাম এবং ওরা তা মেনে নিয়েছিল।”

২০২২ সালে থাইল্যান্ডে অকালপ্রয়াণ হয় এই লেজেন্ডারি স্পিনারের। নিজের দূরদর্শিতার ফল তিনি নিজে দেখে যেতে না পারলেও, আজ তাঁর পরিবার সেই বিশাল অঙ্কের টাকা পেতে চলেছে। তবে এখনই এই টাকা হাতে আসছে না। ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর ওয়ার্নের পরিবার চাইলে এই টাকা গ্রহণ করতে পারবে অথবা নিজেদের অংশ বিক্রি করতে পারবে। তবে তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

মনোজ বাদালের হাত ধরে শুরু হওয়া রাজস্থান রয়্যালস গত কয়েক বছরে বিনিয়োগের হটস্পট হয়ে উঠেছিল। রেডবার্ড ক্যাপিটাল থেকে শুরু করে ল্যাচলান মার্ডক— অনেকেই বিনিয়োগ করেছিলেন এই দলে। শেষমেশ কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, যাতে রয়েছেন ওয়ালমার্টের রব ওয়ালটন এবং ফোর্ডের হ্যাম্প পরিবার, তারা ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে।

শেন ওয়ার্নের হাত ধরে যে রূপকথার শুরু হয়েছিল আইপিএলের প্রথম বছরে, সেই দলের মালিকানা বদলের লগ্নেও নায়ক হিসেবে ফিরে এলেন সেই ওয়ার্নই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *