রণবীর দেব অধিকারী ও চন্দ্রনারায়ণ সাহা, রায়গঞ্জ: দুই দিনাজপুরের প্রসিদ্ধ মুখাশিল্প গমীরা এবার বড় পর্দায়। সৌজন্যে পরিচালক ডাঃ স্বর্ণায়ু মৈত্র। বৃহস্পতিবারই প্রকাশ্যে এল তাঁর পরিচালনায় নির্মিত ভামিনী ছবির প্রথম ঝলক। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকার, অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ও সন্দীপ ভট্টাচার্য। রয়েছেন বলিউড অভিনেতা উমাকান্ত পাটিলও। গমীরা শিল্পকে সামনে রেখেই আবর্তিত হয়েছে একটি রহস্য উদঘাটনের গল্প। চলচ্চিত্রের মাধ্যমে জেলার প্রাচীন এই লোকশিল্প নতুন আঙ্গিকে আপামর মানুষের কাছে উপস্থাপিত হবে বলে আশাবাদী গমীরা শিল্পের গবেষক ডঃ অভিজিৎ চৌধুরী।
অভিজিৎবাবু পেশায় ইটাহার হাইস্কুলের সহকারী শিক্ষক। তিনি বলেন, ‘এই গমীরা নৃত্য শিল্পকলা একটি বিলুপ্তপ্রায় মুখোশ নাচ। আগামী ২৫ এপ্রিল বড় পর্দায় আসতে চলেছে পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি ভামিনী। সেই ছবিতে এক গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে প্রিয়াংকাকে। তবে ছবিতে বাস্তবের গমীরা শিল্পীদেরও দেখা যাবে ওই ছায়াছবিতে।’
পরিচালক স্বর্ণায়ু মৈত্র শোনালেন কীভাবে এগিয়েছে সিনেমার কাহিনী। ৪ জন সাহসী মেয়ে বাহা, মুন্নি, মেঘা ও সুহিতার অশুভর বিরুদ্ধে লড়াইয়ের গল্প রয়েছে এই সিনেমায়। ছবিতে সুহিতার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াংকা সরকার। নাচের পাশাপাশি সুহিতা অধ্যাপনাও করেন। প্রতিবাদী এই মেয়েটি নাচের দলকে টিকিয়ে রাখতে অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াই করেন। বালুরঘাটে চলছিল একটি অনৈতিক ক্লিনিক্যাল ট্রায়াল। তার বিরুদ্ধেই শিল্পীদের প্রতিবাদ নিয়ে এই ছবি। প্রথমবার জুটি হিসেবে অভিনয় করছেন তথাগত এবং প্রিয়াংকা। মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিল এই ছবিতে ইন্দ্র আহুজার ভুমিকায় অভিনয় করেছেন এক স্পেশাল অফিসারের চরিত্রে। স্বর্ণায়ু বলেন, ‘সব মিলিয়ে একটি রোমহষর্ক ক্রাইম থ্রিলার উপভোগ করবেন দর্শকরা। থ্রিলার হলেও এই ছবিতে লোকশিল্প গমীরা নৃত্যের আঙ্গিকে গল্পকে ব্যবহার করা হয়েছে।’
পরিচালক জানান, দিনাজপুরের প্রেক্ষাপটে গোটা ছবিটির শুটিং হয়েছে বালুরঘাট, কুশমণ্ডিতে। এখানে মালদা ও দুই দিনাজপুরের প্রায় ৩০ জন থিয়েটার কর্মী অভিনয় করার সুযোগ পেয়েছেন। ৪৫ লক্ষ টাকার মতো বাজেটের এই ছবিতে মাঙ্গলিকা নাট্যদল, খন অ্যাকাডেমির শিল্পীরাও অভিনয় করেছেন।
অভিনয়ের সুযোগ পেয়ে খুশি মুখাশিল্পী ভোলানাথ সরকার, আসারু সরকার, বিক্রম সরকার, শিবেশ সরকার, প্রদীপ সরকারের মতো কৃষিজীবীরা। অজিত, মতিকান্ত, শুভঙ্কর, সুকেনের মতো কলেজপড়ুয়া উচ্ছ্বসিত। তাঁরা বলেন, ‘গমীরার মূল সুর অশুভর বিরুদ্ধে লড়াই করে শুভশক্তির জয়। ওঁকার ফিল্ম প্রোডাকশনের বাণিজ্যিক ছবিতেও সেই গল্পকেই ধরা হয়েছে সেলুলয়েডে। এই সিনেমা দেখে গমীরা নৃত্য নিয়ে সকলের আগ্রহ বৃদ্ধি পেলে বেঁচে উঠবে লুপ্তপ্রায় প্রাচীন এই লোকশিল্প।’
