উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তের উৎকণ্ঠা কাটিয়ে রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Election 2026) জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বিজেপি নেতা রাহুল (বিশ্বজিৎ) সিনহা (Rahul Sinha)। নথিপত্র সংক্রান্ত আইনি জটিলতা কাটিয়ে শুক্রবার তাঁর মনোনয়ন পত্রটি বৈধ বলে গৃহীত হয়েছে। এর ফলে তাঁর সাংসদ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
গতকাল রাহুল সিনহার জমা দেওয়া হলফনামায় মামলা সংক্রান্ত কিছু তথ্যে ত্রুটি ধরা পড়েছিল। আজ শুক্রবার সকাল ১১টায় স্ক্রুটিনি শুরুর আগেই প্রয়োজনীয় সংশোধিত নথি জমা দিতে বলা হয়েছিল তাঁকে। এদিন সকালে নজিরবিহীনভাবে বিধানসভায় পৌঁছে যান সিইও মনোজ আগরওয়াল। নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা পড়ায় রাহুলের মনোনয়ন গৃহীত হয়। একগাল হাসিমুখে বিধানসভা (Bidhan Sabha) থেকে বেরিয়ে তিনি জানান, আগামী ৯ তারিখ কমিশন তাঁকে শংসাপত্র দেবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হওয়ার স্বপ্ন সফল হওয়ায় খুশি রাহুল সিনহা দলের দেওয়া আগামীর সব দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন।
