R Ashwin | কোহলি-রোহিতরা গেলেই কি ‘বাতি নিভবে’ ওয়ানডে-র? অশ্বিনের ‘কড়া বার্তা’য় তোলপাড় ক্রিকেট বিশ্ব!

R Ashwin | কোহলি-রোহিতরা গেলেই কি ‘বাতি নিভবে’ ওয়ানডে-র? অশ্বিনের ‘কড়া বার্তা’য় তোলপাড় ক্রিকেট বিশ্ব!

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কি তবে তার অন্তিম শয়ানে? ২০২৭ সালের পর কি ৫০ ওভারের ম্যাচ শুধুই ইতিহাসের পাতায় ঠাঁই পাবে? ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের সাম্প্রতিক একটি বিশ্লেষণ, ক্রিকেট দুনিয়ায় নতুন করে বিতর্কের আগুন উস্কে দিয়েছে। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন সাফ জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাট এখন ‘ধীর মৃত্যুর’ (Gradual Loss of life) পথে।

অশ্বিনের মতে, বর্তমান ওয়ানডে ক্রিকেট আর খেলার গুণমানের ওপর দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো মহাতারকাদের জনপ্রিয়তার ওপর। বিজয় হাজারে ট্রফিতে গ্যালারি উপচে পড়া ভিড় দেখে অশ্বিন বলেন, “মানুষ কোহলি আর রোহিতকে দেখতে মাঠে আসছে। কিন্তু ২০২৭-এর পর যখন ওরা থাকবে না, তখন এই ফরম্যাটের হাল ধরবে কে?” তিনি মনে করেন, ক্রিকেটের এই ফরম্যাটটি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ব্যক্তির বিদায়ের সাথে সাথে ফরম্যাটের প্রাসঙ্গিকতাও হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

একদিনের ক্রিকেটের বিবর্তন নিয়ে বলতে গিয়ে অশ্বিন মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ টানেন। তিনি বলেন, একসময় ধোনি যেভাবে মাঝের ওভারে সিঙ্গলস নিয়ে ইনিংস গড়ে শেষে ঝড় তুলতেন, সেই সৌন্দর্য এখন হারিয়ে গেছে। জোড়া নতুন বল এবং ফিল্ডিংয়ের আধুনিক নিয়মের দাপটে ওয়ানডে এখন হয়ে দাঁড়িয়েছে স্রেফ ‘পাওয়ার হিটিং’ বা ‘একতরফা ব্যাটিং’ প্রদর্শনী। অশ্বিনের ভাষায়, “এখন হয় রান বন্যা হচ্ছে, নয়তো ১২০ রানে দল অল-আউট হয়ে যাচ্ছে। মাঝের লড়াইটাই নেই।”

অশ্বিন আইসিসি-র প্রতি ক্ষোভ উগরে দিয়ে জানান, অতিরিক্ত দ্বিপাক্ষিক সিরিজ ও প্রতি বছর আইসিসি টুর্নামেন্টের আয়োজন দর্শকদের মধ্যে একঘেয়েমি তৈরি করছে। তাঁর প্রস্তাব, ফিফার মতো প্রতি ৪ বছর অন্তর একটি মাত্র মেগা ইভেন্ট হিসেবে ওয়ানডে বিশ্বকাপ রাখা হোক।যত্রতত্র ওয়ানডে সিরিজ বন্ধ করে টি-টোয়েন্টি লিগ এবং টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। অশ্বিনের এই ‘অ্যালার্ম বেল’ বিসিসিআই বা আইসিসি-র কানে পৌঁছায় কি না, সেটাই এখন দেখার। তবে একাধিক ক্রিকেট বোদ্ধার মতে, অশ্বিন যা বলেছেন তা অপ্রিয় হলেও কঠিন সত্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *