উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতা আর বিতর্কের কাঁটা সরিয়ে গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত ‘ধুরন্ধর’ (Dhurandhar)। ২১ দিনেই বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা করে ইতিহাস গড়েছে এই ছবি। ২৭ দিনের মাথায় যার ভাঁড়ারে এখন ১,১২৮ কোটি টাকা। কিন্তু সাফল্যের এই জয়যাত্রার মাঝেই নতুন বছরে বড় ধাক্কা খেলেন নির্মাতারা। জানা গিয়েছে, বিতর্কিত ‘বালোচ’ (Baloch) সংলাপের জেরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে সিনেমার বেশকিছু অংশ ছেঁটে ফেলা হয়েছে। ১ জানুয়ারি থেকে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমার এই নতুন সংস্করণ।
বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘ধুরন্ধর’-এ দেখানো যে সমস্ত দৃশ্যে ‘বালোচ’ প্রসঙ্গ রয়েছে, সেখানকার যাবতীয় সংলাপ থেকে ‘বালোচ’ শব্দটি ছেঁটে ফেলতে হবে। গতকাল গভীর রাতে দেশের সমস্ত প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষগুলিকে ইমেল মারফৎ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এদিন থেকে এই ছবির নতুন ভার্সন দেখানো হয়। তবে বালোচ ছাড়াও আরও একটি শব্দে আপত্তি তুলছে তথ্য সম্প্রচার মন্ত্রক। সেটা কোন সংলাপের, তা পরিষ্কার করে জানানো হয়নি।
প্রসঙ্গত, এর আগে ‘কুমিরদের বিশ্বাস করো কিন্তু বালোচদের নয়…!’ এই সংলাপ শুনে আপত্তি তুলেছিল বালোচিস্তান। ক্ষোভের আগুনে জ্বলেছিল সেদেশ।
