Putimari | গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা! বটগাছে ধাক্কা দিয়ে দুমড়ে গেল গাড়ি, নিহত ৩

Putimari | গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা! বটগাছে ধাক্কা দিয়ে দুমড়ে গেল গাড়ি, নিহত ৩

শিক্ষা
Spread the love


শামুকতলা: সোমবার গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার (Highway accident) সাক্ষী থাকল ৩১ নম্বর জাতীয় সড়ক। পুটিমারিতে (Putimari) একটি দ্রুতগামী ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের এক বিশাল বটগাছে ধাক্কা মারলে মৃত্যু হয় তিন তরুণের। মৃতদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়ে বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাত ২টা নাগাদ যাত্রীবাহী গাড়িটি প্রবল গতিতে বারোবিশার দিকে যাচ্ছিল। কিন্তু পুটিমারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে থাকা একটি বটগাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে তিনটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। আরোহী তিন তরুণ ছিটকে পড়েন সড়কের ওপর।

বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত পৌঁছায় শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। ওসি সঞ্জীব মোদকের নেতৃত্বে পুলিশ বাহিনী রক্তাক্ত অবস্থায় ওই তরুণদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার রেফার করা হয়।

মৃতদের বাড়ি আলিপুরদুয়ার ও সংলগ্ন এলাকায় বলে জানা গিয়েছে। গভীর রাতে কেন গাড়িটি এত দ্রুত গতিতে ছুটছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক জানান, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না বা যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *