নাগরাকাটা: বিপর্যয় যেন পিছু ছাড়ছে না নাগরাকাটার রেড ব্যাংক চা বাগানের (Purple Financial institution Tea Backyard Hearth)। গত নভেম্বর মাস থেকে বাগানটি অচল হয়ে পড়ে থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল শ্রমিকদের। তার ওপর রবিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বাগানের প্রায় আড়াই হেক্টর জমির চা গাছ। একের পর এক সংকটে এখন দিশেহারা কয়েকশো শ্রমিক পরিবার।
রবিবার দুপুরে বাগানের ১১ নম্বর সেকশনে, ডিরেক্টর্স বাংলোর ঠিক উল্টো দিকে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শুকনো মরসুম হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অবশেষে ধূপগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আড়াই হেক্টর জমির মূল্যবান চা গাছ পুড়ে ছাই হয়ে যায়। বাগানের প্রবীণ কর্মচারী সুশীল পাল জানান, কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়, তবে শুকনো আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
রেড ব্যাংক বাগানের ইতিহাস বঞ্চনার। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের অগাস্টে বাগানটি খুললে শ্রমিকরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ২০২৫-এর পুজোর পর ফের অচল হয়ে পড়ে ৪৬২ হেক্টরের এই বাগান। বর্তমানে সেখানে মালিকপক্ষের কেউ নেই। শুখা মরসুম হওয়ায় পাশের বাগানগুলিতেও কাজ মিলছে না। ফলে রুটিরুজির টানে দলে দলে শ্রমিক এখন ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ভোট ফুরোতেই এখন আর কোনও নেতার দেখা মেলে না এই অভিশপ্ত বাগানে।
