প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ধার্মিক চোরের কীর্তি! দোকানের ক্যাশবাক্সে থাকা সমস্ত টাকা, জিনিস নিয়ে গেলেও গীতায় ৫০ টাকার একটি নোট গুঁজে দোকান ছেড়ে চম্পট দিল চোর। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে। দোকান মালিক যাদব সাহার বক্তব্য, ‘কোনও ধার্মিক চোর হয়তো তাঁর দোকানে চুরি করতে এসেছিল।’
বুধবার গভীর রাতে যাদব সাহার দোকান সহ পাশাপাশি আরও একাধিক দোকানে চুরি হয়। এদিন দুপুরে নিজের দোকানের সামনে দাঁড়িয়ে যাদব সাহা বলেন, ‘আমার দোকানের ক্যাশবাক্সে থাকা টাকা নিয়ে চোরেরা চম্পট দিয়েছে। তবে আমার দোকানে রাখা গীতা চোরেরা নেয়নি। বরং ওই গীতার পৃষ্ঠায় ৫০ টাকার একটি নোট গুঁজে দিয়ে রেখে গিয়েছে।’ যাদব সাহার কথায়, ‘আমার মনে হয় চুরি করা যে মহাপাপ’ তা হয়তো চোরেরাও বুঝেছে। তাই পাপ খন্ডাতেই চোরেরা গীতায় ৫০ টাকা রেখে গিয়েছে।’ চোরেদের এমন কীর্তিকলাপ এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছ কালনায়। স্থানীয়দের কথায়, এমন ধার্মিক চোর সত্যি বিরল।
এদিকে একই রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় কালনার ব্যবসায়ীমহলে ক্ষোভ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে কালনা মহকুমা পুলিশ আধিকারিক রাখেশ চৌধুরী বলেন, ‘বুধবার রাতে পূর্বস্থলী ও কালনায় বেশ কয়েকটি জায়গায় চুরি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে।’
