উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ মহারাষ্ট্রের ঐতিহাসিক শনিবারওয়াড়া দুর্গ চত্বরে মহিলাদের নমাজ পড়ার ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। ঘটনাস্থলে গোমূত্র দিয়ে ‘শুদ্ধিকরণ’ ও ‘শিববন্দনা’ অনুষ্ঠানও করেছেন হিন্দুত্ববাদীরা।
ঘটনার প্রতিবাদে নেতৃত্ব দেন বিজেপি সাংসদ মেধা কুলকার্নি। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ‘শনিবারওয়াড়ায় নমাজ পড়া যাবে না। হিন্দুসমাজ এখন শুধু জেগে নেই, সজাগও আছে।’
১৭৩২ সালে নির্মিত শনিবারওয়াড়া ছিল মারাঠা সাম্রাজ্যের পেশওয়াদের আসন। ভিডিওতে দেখা যায়, হিজাব পরা কয়েকজন মহিলা সেখানে নমাজ পড়ছেন। পুলিশের পক্ষ থেকে তিন অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রাজ্যের মন্ত্রী নীতীশ রানে ঘটনাটিকে ‘হিন্দু সমাজের অনুভূতিতে আঘাত’ বলে দাবি করে বলেন, ‘হিন্দুরা হাজি আলিতে হনুমান চালিশা পাঠ করলেও মুসলমানদেরও কষ্ট হবে। প্রত্যেকের নিজের ধর্মস্থানে প্রার্থনা করা উচিত।’
এর পালটা অজিত পাওয়ারের দলের মুখপাত্র রূপালি পাটিল বিজেপি সাংসদের মন্তব্যের বিরোধিতা করে বলেন, ‘ওঁরা হিংসায় উসকানি দিচ্ছেন। সাংসদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।’ একই সুর শোনা যায় আসাদউদ্দিন ওয়াইসির দলের গলাতেও।
পুনে পুলিশ জানিয়েছে, সংরক্ষিত স্থানে নিয়মভঙ্গের অভিযোগে ‘প্রাচীন স্মারক ও প্রত্নস্থল সংরক্ষণ আইন’ অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।
The publish Pune | নমাজের স্থানে গোমূত্রে স্নান appeared first on Uttarbanga Sambad.
