উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিছু ফল রয়েছে, যা সারাবছরই বাজারে পাওয়া যায়। তেমনই একটি ফল বেদানা (Pomegranate)। টুকটুকে লাল বেদানা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। নিয়মিত বেদানা খেলে কী কী উপকার হবে, তা জেনে নিন।
ডায়াবিটিসে উপযোগী বেদানা
বেদানার গ্লাইসেমিক সূচক কম। তাই, ডায়াবিটিসের রোগীরা বেদানা খেতে পারেন। তাছাড়া এই ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলসে ভরপুর। তাই বেদানা খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা নেই।
হজমে সহায়তা করে
বেদানায় ডায়েটরি ফাইবার রয়েছে। এটি পেটের গোলমাল থেকে মুক্তি দেয়। অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী বেদানা। তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে বুঝেশুনে বেদানা খেতে হবে।
পুষ্টির ভাণ্ডার
বেদানার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস রয়েছে। ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি পাওয়া যায় এই ফলে। বেদানা খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
উচ্চ রক্তচাপ কমায়
বেদানার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে। কিন্তু যাঁরা রক্ত পাতলা করার ওষুধ খান কিংবা যাঁদের লো ব্লাড প্রেশার তাঁদের বুঝেশুনে বেদানা খাওয়া উচিত।
ব্যথা-যন্ত্রণা কমায়
বেদানার মধ্যে পলিফেনল নামের যৌগ রয়েছে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি প্রদাহ কমাতে সাহায্য করে। পুষ্টিবিদ জানান, যাঁরা জয়েন্টের ব্যথা-যন্ত্রণায় ভোগেন কিংবা বাতের ব্যথায় কষ্ট পান, তাঁরা বেদানার রস খেতে পারেন। এটি ব্যথা-যন্ত্রণা কমাতে সহায়ক।
হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী
বেদানার রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে হৃদরোগের ঝুঁকিও কমে যায়।
