উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসীকে ভারতে নিয়ে আসার অনুমতি দিল বেলজিয়াম আদালত। অ্যান্টওয়ার্পের আদালত এই নির্দেশ দিয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাতে পারবেন মেহুল। ফলে এখনই যে তাঁর ভারতে প্রত্যর্পণ নিশ্চিত তা বলা যাচ্ছে না। একই সঙ্গে এদিন আদালত জানিয়েছে, বেলজিয়াম পুলিশের হাতে মেহুল চোকসীর গ্রেপ্তারি সম্পূর্ণ বৈধ পদক্ষেপ। তবে আজকের এই রায়কে মেহুলকে দেশে ফেরানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
ভারত সরকারের অনুরোধে ২০২৫ সালের ১১ এপ্রিল মেহুল চোকসীকে গ্রেপ্তার করে অ্যান্টওয়ার্প পুলিশ। সেই থেকে বেলজিয়ামের জেলেই আছেন তিনি। এরই মধ্যে তাঁর একাধিক জামিনের আবেদন নাকচ করা হয়েছে। শুনানির সময় ভারতের হয়ে বেলজিয়াম প্রশাসন ও চোকসীর আইনজীবীদের দল নিজেদের যুক্তি খাঁড়া করেন।
আদালত দেখেছে যে চোকসীর বিরুদ্ধে ভারতে যেসব অপরাধের অভিযোগ রয়েছে, যেমন অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, প্রমাণ ধ্বংস এবং দুর্নীতি, বেলজিয়ামের আইন অনুসারেও শাস্তিযোগ্য। এটি আন্তর্জাতিক চুক্তি অনুসারে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করে। ভারত চোকসীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ২০১ (প্রমাণ গায়েব করা বা মিথ্যা তথ্য প্রদান), ৪০৯ (বিশ্বাসঘাতকতা), ৪২০ (প্রতারণা), এবং ৪৭৭এ (নথিপত্র জাল করা) এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ (ঘুষ) এবং ১৩ (অপরাধমূলক অসদাচরণ) এর অধীনে অভিযোগ দায়ের করেছে।
১৪ হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত হয়ে ২০১৮ সালে ভারত থেকে পালান মেহুল চোকসী। ২০২৩ সালের নভেম্বর থেকে বেলজিয়ামের নাগরিকত্ব লাভ করে সেখানেই থাকতে শুরু করেন ‘গীতাঞ্জলি জেম্স’-এর কর্তা মেহুল। বেলজিয়ামে ছিলেন তাঁর স্ত্রী প্রীতিও। বর্তমানে চোকসী ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে। সেই বিষয়েই ফের তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন মেহুল।
