উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে পৌঁছে পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দৃপ্ত কন্ঠে তামাম দেশবাসীকে নমো জানালেন, ‘২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে ২২ মিনিটে! সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব!’
এদিন বিকানেরের (Bikaner) সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাঁদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে! একটা কথা সকলের জানা উচিত, ভারত সন্ত্রাসবাদকে কোনও ভাবেই রেয়াত করবে না। তার সবচেয়ে বড় প্রমাণ ‘অপারেশন সিঁদুর’।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন রাজস্থানের (Rajasthan) বিকানেরে এক জনসভায় অংশ নেন। জনসভা থেকে সারা দেশে ১০৩টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করেন। সেই তালিকায় বাংলার তিন স্টেশনও রয়েছে। যদিও জনসভায় যোগ দেওয়ার আগে রাজস্থানে পা রেখেই নমো সোজা চলে গিয়েছিলেন করণী মাতার মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর উদ্বোধন করেন দেশনোক স্টেশন। এই স্টেশন মূলত করণী মাতার মন্দিরের স্থাপত্যের আদলেই গড়া হয়েছে।
