উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত মা’কে নিয়ে কুকথা! বিহারে সমবায় সমিতির উদ্বোধনে এবার তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কুকথার প্রসঙ্গে কংগ্রেস (Congress) এবং আরজেডি (RJD)-কে একহাত নিলেন।
এদিন মোদি বলেন, ‘কংগ্রেস-আরজেডির মঞ্চে যে অপবাদ ব্যবহার করা হয়েছিল তা কেবল আমার মায়ের জন্য নয়, কোটি কোটি মা-বোনের জন্য ছিল। রাজপরিবারে জন্ম নেওয়া রাজকুমাররা একজন সুবিধাবঞ্চিত মা এবং তাঁর ছেলের সংগ্রামের কষ্ট বুঝতে পারবেন না। তাঁরা সোনা ও রূপার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। তাঁরা বিশ্বাস করেন যে বিহারে ক্ষমতা তাদের পরিবারের। কিন্তু আপনি একজন সুবিধাবঞ্চিত মায়ের ছেলেকে আশীর্বাদ করেছেন।’
মোদির কথায়, ‘আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা সকলেই জানেন, আমার মা আর জীবিত নেই। যিনি আর জীবিত নেই, যাঁর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে তাঁকে কুকথা বলা হয়েছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মা আমাদের কাছে পৃথিবীতুল্য। মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে এই বিহারে যা ঘটেছে, তা আমি কল্পনাও করতে পারি না।’
প্রসঙ্গত, বিহারে (Bihar) ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধনের প্রতিবাদে ভোটাধিকার যাত্রায় নেমেছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। বিহারের দ্বারভাঙায় ওই কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশে কুকথা ভেসে আসে। মঙ্গলবার সমবায় সমিতির উদ্বোধন অনুষ্ঠানে তারই জবাব দেন মোদি।
