উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) আসন্ন পাঞ্জাব ও হরিয়ানা সফরকে (Punjab-Haryana) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। খলিস্তানিপন্থী সংগঠন ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’-র তরফ থেকে সরাসরি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি (Khalistani risk) দেওয়া হয়েছে। ইমেল মারফত পাঠানো এই বার্তায় আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
সূত্রের খবর, ইমেলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, আগামী শুক্রবার হরিয়ানার জিন্দে প্রধানমন্ত্রীর জনসভায় বিস্ফোরণ ঘটানো হবে। শুধু তাই নয়, ওই একই দিনে চণ্ডীগড়, মোহালি এবং জলন্ধরের একাধিক স্কুল, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আইইডি (IED) ব্যবহার করে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষা হয়েছে। হামলাকারীদের দাবি অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ১১ মিনিট নাগাদ এই বিস্ফোরণগুলি ঘটানো হবে। এখানেই থামেনি সংগঠনটি, তারা মোহালির মেয়রের অফিসে বিকেল ৩টা ১১ মিনিটে হামলারও হুমকি দিয়েছে।
হুমকিবার্তা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। এসপিজি (SPG) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে নিরাপত্তা বলয় আরও কঠোর করেছে। জনসভা এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত স্থানগুলিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলিও ইমেলের উৎস সন্ধানে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে।
উল্লেখ্য, এই প্রথম নয়, গত জানুয়ারি মাসে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তরে বোমা হামলার হুমকি দিয়েছিল এই একই সংগঠন। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম আগাম সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। তবে এই হুমকির নেপথ্যে প্রকৃত কোনও জঙ্গি গোষ্ঠী রয়েছে, নাকি এটি স্রেফ আতঙ্ক ছড়ানোর চেষ্টা, তা নিয়ে তদন্ত চলছে।

