উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের বর্তমান শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তৃণমূল সরকারকে ‘নির্মম’ বলে অভিহিত করে তিনি দাবি করেন, উন্নয়নের পথে যারা বাধা দিচ্ছে, বাংলার মানুষ তাদের যোগ্য সাজা দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। একইসঙ্গে অনুপ্রবেশকারীদের মদত দেওয়া এবং কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি।
কেন্দ্রীয় প্রকল্প ও রাজনৈতিক স্বার্থ: প্রধানমন্ত্রী এদিন দিল্লির প্রাক্তন সরকারের উদাহরণ টেনে বলেন, “দিল্লিতেও আগে এমন এক সরকার ছিল যারা গরিবদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করতে দেয়নি। স্রেফ রাজনৈতিক হিসাব-নিকাশের জন্য তারা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াত। দিল্লিবাসী তাদের সরিয়ে দিয়েছে। বাংলার মানুষও এবার স্থির করে ফেলেছেন, তাঁরা এই নির্মম তৃণমূল সরকারকে সবক শেখাবেন এবং বিজেপি সরকার গঠন করবেন।”
অনুপ্রবেশ ও নিরাপত্তার প্রশ্ন: তৃণমূলের বিরুদ্ধে সবথেকে গুরুতর অভিযোগ এনে মোদি বলেন, “তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি করে দিচ্ছে। তাদের বাঁচানোর জন্য এরা ধরনায় পর্যন্ত বসতে পারে।” প্রধানমন্ত্রীর দাবি, তৃণমূলের রাজত্বে দাঙ্গাকারীরা অবাধে ঘুরে বেড়ায় এবং দলের নিচুতলার নেতারাও নিজেদের ‘বাংলার হুজুর’ বলে মনে করেন।
উন্নয়নে বাধার অভিযোগ: মোদি স্পষ্ট করে দেন যে, দেশের ভোটাররা এখন অনেক সচেতন। তাঁর মতে, যারা জনস্বার্থের চেয়ে রাজনীতিকে বড় করে দেখে, তারা প্রত্যেকেই জনগণের কাছে সাজা পাচ্ছে। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই আক্রমণ রাজ্যের রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল।
