উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে বাংলার মন জয়ে মরিয়া দিল্লি। দু’দিনের সফরে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মালদা টাউন স্টেশন (Malda City Station) থেকে দেশের অন্যতম আকাঙ্ক্ষিত হাওড়া-গুয়াহাটি (ভায়া মালদা) বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের শুভ উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি রেল ও সড়কপথ মিলিয়ে মোট ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi Bengal Go to)।
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুর ১২টা ৪৫মিনিট নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছোবেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মসূচি শেষে মালদার মোরগ্রাম মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। রবিবার তাঁর গন্তব্য হুগলির ঐতিহাসিক সিঙ্গুর। সেখানে দুপুর পৌনে ৩টে নাগাদ ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা করে সাড়ে ৩টেয় রাজনৈতিক সভা করবেন। রাজনৈতিক মহলের মতে, একদা বাম আমলের পতনের কেন্দ্রবিন্দু সিঙ্গুরকে বেছে নিয়ে মোদি বিশেষ বার্তা দিতে চাইছেন।
সফরের আগের রাতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বাংলায় পোস্ট করে রাজ্যবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বালুরঘাট–হিলি নতুন রেললাইন, শিলিগুড়ির লোকো শেডের আধুনিকীকরণ এবং ৪টি নতুন অমৃত ভারত ট্রেনের সূচনার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
আগামীকাল, ১৭ জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। এছাড়াও, আগামীকালের অনুষ্ঠানে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে—এতে আমি অত্যন্ত আনন্দিত।…
— Narendra Modi (@narendramodi) January 16, 2026
শুধুমাত্র উন্নয়নের ডালি নয়, রাজনৈতিক আক্রমণ (TMC vs BJP Bengal) শানাতেও পিছপা হননি মোদি। এক্স হ্যান্ডলে তৃণমূল সরকারকে সরাসরি নিশানায় নিয়ে তিনি লেখেন, ‘তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত। প্রতিদিনই অপশাসনের নতুন উদাহরণ সামনে আসছে। মানুষ এবার উন্নয়নমুখী বিজেপি সরকারকে চায়।’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পালটা দিয়েছে তৃণমূলও। শাসকদলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে বিজেপির এই সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায়…
— Narendra Modi (@narendramodi) January 16, 2026
সব মিলিয়ে, মোদির এই সফর যে কেবল সরকারি প্রকল্পের শিলান্যাস নয়, বরং বাংলা দখলের লড়াইয়ে বিজেপির ব্লু-প্রিন্ট, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর মেজাজেই।
