উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের (CJI BR Gavai) দিকে এক আইনজীবীর জুতো ছোড়ার চেষ্টার ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রী গাভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং গোটা ঘটনাটিকে “নিন্দনীয় কাজ” আখ্যা দিয়ে বলেন, “আমাদের সমাজে এমন ঘটনার কোনও স্থান নেই।”
ঘটনার পরেই প্রধানমন্ত্রী বিচারপতি গাভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং এই ধরনের আচরণের বিরুদ্ধে তাঁর কড়া অবস্থান স্পষ্ট করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বিচারপতি গাভাইয়ের মানসিক দৃঢ়তার প্রশংসাও করেন। এই পরিস্থিতি মোকাবিলায় প্রধান বিচারপতির শান্ত এবং ধীরস্থির মনোভাবের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানান, এমন উত্তেজনার মুহূর্তে বিচারপতি যেভাবে নিজের ধৈর্য ও মেজাজ ধরে রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টও করেন। সেখানে তিনি লেখেন, “এইরকম একটি পরিস্থিতির মোকাবিলা করার সময় বিচারপতি গাভাইয়ের যে শান্তভাব দেখলাম, আমি তার প্রশংসা করেছি। এটি বিচার ব্যবস্থা ও আমাদের সংবিধানের স্পিরিটকে আরও শক্তিশালী করার প্রতি তাঁর অঙ্গীকারকেই তুলে ধরে।”
প্রসঙ্গত, এদিন একটি মামলার শুনানি চলাকালীন এক আইনজীবী প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে আদালত কক্ষে থাকা নিরাপত্তারক্ষীরা ওই হামলকারী আইনজীবীকে বাইরে নিয়ে যায়। তখনই তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।’
যদিও এই ঘটনায় বিন্দুমাত্র প্রভাবিত হননি দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই। তিনি এই ঘটনার প্রথম থেকে শেষ অবধি শান্তই ছিলেন। আইনজীবীর এই কাণ্ডের পর এজলাসের কার্যক্রম কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছিল। যদিও তারপর ফের স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। এরপরই এনিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এসব দেখে বিভ্রান্ত হবেন না। এই বিষয়গুলি আমাকে প্রভাবিত করে না। শুনানি চালিয়ে যান।’ এদিকে, অভিযুক্ত আইনজীবীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
