Pakistan-Afghanistan | কাতারে দীর্ঘ বৈঠক ফলপ্রসূ! অবশেষে সংঘর্ষবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

Pakistan-Afghanistan | কাতারে দীর্ঘ বৈঠক ফলপ্রসূ! অবশেষে সংঘর্ষবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে অবিলম্বে সংঘর্ষবিরতিতে (Fast ceasefire) সম্মত পাকিস্তান ও আফগানিস্তান (Pakistan-Afghanistan)। শনিবার রাত পর্যন্ত কাতারের দোহায় (Doha) এনিয়ে শান্তি আলোচনা চলেছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের পাশাপাশি উপস্থিত ছিল তুরস্কও। অবশেষে রবিবার ভোরে সংঘর্ষবিরতির কথা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে কাতারের বিদেশমন্ত্রক।

কাতারের বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতার আর তুরস্কের মধ্যস্থতায় দোহায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সমঝোতা হয়েছে। এই সমঝোতার পর দুই পক্ষই অবিলম্বে সংঘর্ষবিরতি এবং অঞ্চলে শান্তি স্থাপনের জন্য পদক্ষেপে রাজি হয়েছে। উভয়পক্ষই আগামী দিনে এই সংঘর্ষবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে, নির্ভরযোগ্য ও স্থিতিশীলতা যাচাই করে দেখতে ফের আলোচনায় বসবে।’

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলার পর বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। এরপর শুক্রবার রাতে আফগানিস্তানের (Afghanistan) পাকতিকা প্রদেশে আকাশপথে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ। তাতেই তিনজন ক্রিকেটার সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিয়েছে এসিবি। সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল।

এরপরই কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় শান্তি বৈঠকে যোগ দেয় পাকিস্তান এবং আফগানিস্তান। দোহার বৈঠকে তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আফাগানিস্তানের তরফে অংশ নিয়েছিল। অন্যদিকে, পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। তবে অবশেষে দুই ‘বন্ধু’ দেশের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের এই সংঘর্ষবিরতি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *