উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : তুরস্কে আফগানিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় নয়াদিল্লিকে দুষল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের অভিযোগ, আলোচনায় দু’পক্ষ অধিকাংশ ক্ষেত্রে একমত হলেও শেষ মুহূর্তে বেঁকে বসে কাবুল। ভারতের মদতেই আফগানিস্তানের তালিবান সরকার এই কাজ করছে।
মঙ্গলবার পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেছেন, ‘কাবুলের মানুষ নয়াদিল্লির মদতে পুতুলনাচ নাচছেন।’ আফগানিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ‘যুদ্ধ’ করছে বলেও অভিযোগ করেন তিনি। আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘যদি ওরা ইসলামাবাদের দিকে চোখ তুলে তাকায়, তা হলে চোখ উপড়ে ফেলা হবে।’
কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং পরবর্তী সময়ে তালিবান সরকারের জবাব – এর জেরে উত্তেজনা ছড়িয়েছিল দুই দেশের সীমান্তে। সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতা হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে। ১৮ অক্টোবর দোহাতে প্রথম দফার বৈঠকে বসেছিল পাকিস্তান এবং আফগানিস্তান। বৈঠকের নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মৌলবি মহম্মদ ইয়াকুব মুজাহিদ ও পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তবে দীর্ঘ বৈঠকের পরও কোনও সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি কাবুল এবং ইসলামাবাদ।
সীমান্তে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে গত শনিবার থেকে তুরস্কে দ্বিতীয় দফার বৈঠকে বসেছিল দুই দেশ। সেখানেও কোনও রফাসূত্র মেলেনি। সেকারণে ভারতকে দুষেছে ইসলামাবাদ।
