উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পুরীতে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সমুদ্রসৈকত থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ঝাউবনের মধ্যে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত শনিবার। সোমবার সন্ধ্যায় এবিষয়ে স্থানীয় থানায় অভিযোগ জানান নির্যাতিতা। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার এবং একজনকে আটক করেছে পুলিশ।
পুরীর পুলিশ সুপার প্রতীক সিং বলেছেন, ‘তরুণী মানসিকভাবে বিপর্যস্ত। সেই কারণে শুরুতে ঘটনার বিবরণ দিতে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন। পরে মহিলা পুলিশ আধিকারিকদের সবকিছু খুলে বলেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। একজনকে আটকও করা হয়েছে।’ তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত বলে পুলিশের সন্দেহ। ঘটনার তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, গত শনিবার পুরীর সমুদ্রসৈকতের কাছে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই কলেজছাত্রী। সেই সময় স্থানীয় একদল তরুণ মোবাইলে তাঁদের ছবি এবং ভিডিও তুলতে থাকেন। এতে আপত্তি জানাতেই ঝামেলার সূত্রপাত। অভিযুক্তরা প্রথমে তরুণীর বন্ধুকে মারধর করেন। এর পর সৈকত থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ঝাউবনের মধ্যে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে পুরীর সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এখানে প্রায় সারাবছর পর্যটকের ভিড় থাকে। দোষীদের কড়া শাস্তি ও পুলিশি নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
