ভুবনেশ্বর: শূন্যপদ মাত্র ১৮৭টি। কিন্তু প্রার্থী ৮ হাজারের বেশি। এক লপ্তে যোগ্য প্রার্থীদের বেছে নিতে তাঁদের বসানো হল বিমানবন্দরের রানওয়েতে।
ভারতের মাটিতে জরুরি প্রয়োজনে হাইওয়েতে বিমান নামার গল্প নতুন নয়। কিন্তু ওডিশার (Odisha) সম্বলপুরে যা ঘটল, তা সম্ভবত বিশ্বের যে কোনও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেই ‘বিস্ময়কর’। আকাশছোঁয়া বেকারত্বের জ্বালায় কয়েক হাজার তরুণ ‘উড়ান’ দিতে পৌঁছে গেলেন আস্ত এক এয়ারস্ট্রিপে। তবে পাইলট হতে নয়, স্রেফ দিনে ৬৩৯ টাকা ভাতার হোমগার্ডের চাকরি পেতে! সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবি দেখে কে বলবে, এটা কোনও সিনেমার শুটিং নয়, সরকারি নিয়োগ পরীক্ষা!
গত ১৬ ডিসেম্বর সম্বলপুরের প্রায় অব্যবহৃত এয়ারস্ট্রিপে এই লিখিত পরীক্ষা নেয় জেলা পুলিশ। ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, এমনকি নজরদারিতে ব্যবহার করা হয় ড্রোনও। পরীক্ষার্থীদের সকাল ৬টায় হাজির হতে বলা হলেও, প্রার্থীদের টানা তিন ঘণ্টা বসিয়ে রেখে প্রশ্নপত্র দেওয়া হয় বেলা ৯টায়। এক ঘণ্টার পরীক্ষায় ছিল ২০ নম্বরের অনুচ্ছেদ লেখা ও ৩০ নম্বরের সাধারণ জ্ঞান।
সবচেয়ে চোখে পড়ার মতো দিক, এই পরীক্ষায় বসা বহু প্রার্থীর ঝুলিতে ছিল এমবিএ, এমসিএ ডিগ্রি। অথচ যে পদের জন্য লড়াই, সেখানে ন্যূনতম যোগ্যতা ছিল সপ্তম-অষ্টম শ্রেণির বিদ্যে। এই তথ্যই বলে দেয়, রাজ্যে কর্মসংস্থানের হালহকিকত।
এদিকে রানওয়েতে সার দিয়ে বসে পরীক্ষা দেওয়ার ড্রোন-চিত্র প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এক্স-এ ভিডিও আপলোড সহ বিজেপি-শাসিত ওডিশা সরকারকে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, ‘এটা কোনও সিনেমার দৃশ্য নয়, বাস্তব। ‘ডিগ্রি আছে, চাকরি নেই’, এটাই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার!’ যদিও এ নিয়ে পালটা মন্তব্য মেলেনি বিজেপি শিবিরের।
The put up Odisha | জায়গা নেই, রানওয়েতে বসেই পরীক্ষা appeared first on Uttarbanga Sambad.
