NJP | স্কুলের গা ঘেঁষে মোবাইল টাওয়ার! শিলিগুড়ির NJP-তে জনরোষের মুখে বন্ধ কাজ

NJP | স্কুলের গা ঘেঁষে মোবাইল টাওয়ার! শিলিগুড়ির NJP-তে জনরোষের মুখে বন্ধ কাজ

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: জনবসতিপূর্ণ এলাকা এবং প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (NJP) সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দাদের তীব্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হল পুলিশ। বর্তমানে টাওয়ার নির্মাণের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন জগদ্ধাত্রী মন্দিরের পাশে অবস্থিত ভক্তিনগর স্পেশাল প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের অভিযোগ, স্কুলের দেওয়ালের একেবারে গা ঘেঁষে একটি বেসরকারি মোবাইল সংস্থা টাওয়ার বসানোর কাজ শুরু করেছিল। শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় মন্দির, মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। এখানে টাওয়ার বসানো হলে শিশুদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে।

এলাকার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী চাঞ্চল্যকর অভিযোগ তুলে জানান, কয়েক মাস আগেও এখানে টাওয়ার বসানোর চেষ্টা হয়েছিল। তখন শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়। কিন্তু অভিযোগ উঠেছে, শুক্রবার গভীর রাতে প্রশাসনের নজর এড়িয়ে ফের চুপিসারে নির্মাণ কাজ শুরু করে সংস্থাটি। সকালে কাজ দেখতে পেয়েই বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন।

পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। জয়দীপ নন্দী প্রশ্ন তুলেছেন,“পরিবেশ দপ্তর ও প্রশাসন কীভাবে একটি স্কুলের একেবারে পাশে টাওয়ার বসানোর অনুমতি দিল, তা সত্যিই রহস্যজনক।”

যদিও অভিযুক্ত বেসরকারি মোবাইল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে সমস্ত প্রয়োজনীয় আইনি অনুমতি রয়েছে। তবে স্থানীয়দের তীব্র আপত্তির কথা মাথায় রেখে এবং শান্তি বজায় রাখতে বর্তমানে কাজ স্থগিত রাখা হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। স্কুলের পাশে তেজস্ক্রিয়তার ঝুঁকি নিয়ে এই লড়াই এখন শিলিগুড়ির আলোচনার কেন্দ্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *