উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মাত্র চার মাস পার হতে না হতেই, বৃহস্পতিবার রাজ্যসভার জন্য (Rajya Sabha candidates Bihar) মনোনয়নপত্র দাখিল করলেন নীতীশ কুমার (Nitish Kumar nomination)। এই আচমকা পদক্ষেপ পাটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তাঁর এই সিদ্ধান্ত কি বিহারের শীর্ষ পদে অন্য কারোর আসার ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা।
এদিন বিহার বিধানসভায় জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমারকে রাজ্যসভার মনোনয়ন জমা দিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং জাতীয় গণতান্ত্রিক জোটের (NDA) অন্যান্য প্রার্থীদের সঙ্গে। মনোনয়নপত্র দাখিলের আগে বিহারবাসীকে দেওয়া এক বার্তায়, দীর্ঘকালীন সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে নীতীশ কুমার বলেন, “আমার সংসদীয় যাত্রার শুরু থেকেই আমার ইচ্ছা ছিল বিহার আইনসভা এবং সংসদের উভয় কক্ষের সদস্য হওয়া। সেই আকাঙ্ক্ষা পূরণেই আমি এবার রাজ্যসভায় প্রার্থী হচ্ছি।”
মনোনয়নপত্র দাখিলের আগে জেডি(ইউ)-এর অন্দরে দীর্ঘ বৈঠক এবং গতকাল গভীর রাতে শীর্ষ নেতাদের দলের নেতা সঞ্জয় ঝার বাসভবনে আসা-যাওয়া দলের বড় কোনও কৌশলের ইঙ্গিত দিচ্ছিলই। বিহারে রাজ্যসভার ৫টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপি তাঁদের তরফ থেকে নীতিন নবীন এবং শিবেশ কুমারকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এনডিএ শরিক উপেন্দ্র কুশওয়াহাও এই জোটের তরফ থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে জেডি(ইউ) থেকে কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুরকেও দ্বিতীয় প্রার্থী হিসেবে দেখা যাবে। বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলও (আরজেডি) এই পঞ্চম আসনের জন্য প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছে, যা এই নির্বাচনকে আরও জমজমাট করে তুলেছে।
সূত্রের খবর, ১৬ই মার্চ রাজ্যসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন। যদি তিনি রাজ্যসভায় নির্বাচিত হন, তবে এটি হবে তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের আরও একটি মাইলফলক। এর আগে তিনি বিহার বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভার সদস্য হিসেবে কাজ করেছেন। রাজ্যসভায় নির্বাচিত হলে তিনি সম্ভবত খুব কম সংখ্যক নেতার একজন হবেন যাঁরা বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা এবং রাজ্যসভা—এই চারটি কক্ষেরই সদস্য হওয়ার গৌরব অর্জন করবেন। বিহারের রাজনীতিতে এই মুহূর্তে বড় পরিবর্তন আসতে পারে, যা রাজ্য এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে (Bihar politics future)।
পাটনার রাজনৈতিক অলিন্দে যেই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে তা হল, নীতীশের ছেড়ে যাওয়া মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কে? বিজেপির কেউই এই পদে বসবেন এটা একরকম নিশ্চিত। তবে মন্ত্রীসভায় উপমুখ্যমন্ত্রী পদে নীতীশের ছেলে নিশান্ত কুমারকেও দেখা যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। তবে সবটা পরিস্কার হতে আরও কিছুটা সময় লাগবে।
