উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গনের (Yuva Bharati Krirangan) ভিআইপি গেটের সামনে দীর্ঘ দিন ধরে থাকা বিতর্কিত ‘অদ্ভুত মূর্তি’টি অবশেষে অপসারণ করা হলো। শনিবার সকালে বিধাননগর পুরসভার পক্ষ থেকে মূর্তিটি ভেঙে সরিয়ে ফেলা হয়েছে (Statue Removing)। এখন থেকে ওই এলাকাটি ফাঁকাই রাখা হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে।
ফুটবলারের শরীরের নিম্নাংশ এবং উপরে গ্লোব সম্বলিত এই মূর্তিটি নিয়ে সাধারণ মানুষ এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে দীর্ঘ দিন ধরেই নানা সমালোচনা ও হাসি-ঠাট্টা চলছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, স্টেডিয়ামের প্রবেশপথে এমন মূর্তির কোনো যৌক্তিকতা নেই। গত সপ্তাহে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) মূর্তিটিকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে তা সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে মাত্র এক সপ্তাহের মধ্যেই মূর্তিটি সরিয়ে ফেলায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে স্বস্তি ও খুশির আবহ তৈরি হয়েছে।
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সল্টলেক স্টেডিয়ামের পরিকাঠামোগত উন্নতির জন্য আরও পরিকল্পনা রয়েছে, যার মধ্যে দর্শকদের সুবিধার্থে একটি ফুড কোর্ট তৈরির বিষয়টিও অন্তর্ভুক্ত। মূর্তি অপসরণের মাধ্যমে যুবভারতীর সৌন্দর্য পুনরুদ্ধারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসী।
