নিশিগঞ্জ: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কোচবিহারের (Cooch Behar) রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিশিগঞ্জে ‘পরিবর্তন যাত্রা’কে (Nishiganj Parivartan Yatra) কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসায় পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি উঁচিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে হয়।
বিজেপির পরিবর্তন যাত্রার রথটি এদিন নিশিগঞ্জে পৌঁছালে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। নিশিগঞ্জের দীপ্তি সংঘ সংলগ্ন এলাকায় বিজেপির একটি জনসভা করার কথা ছিল। কিন্তু সেই সভার অনুমতি ঘিরে প্রশাসনের সঙ্গে গেরুয়া শিবিরের টানাপড়েন শুরু হয়। অন্যদিকে, একই সময়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজার এলাকায় একটি পাল্টা মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
সন্ধ্যা গড়াতেই নিশিগঞ্জ বাজার এলাকায় দুই দলের কর্মী-সমর্থকরা মুখোমুখি হয়ে পড়েন। বিশাল পুলিশ বাহিনী (Police) ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে দু’পক্ষকে রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশের এই তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় বিজেপি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, তৃণমূলের দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রথযাত্রা প্রত্যাখ্যান করেছে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।
