নিশিগঞ্জ: বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরের জলাশয়ে পড়ে রয়েছে নয় দিনের শিশুপুত্রের নিথর দেহ! শুক্রবার সকালে এমন দৃশ্য দেখতেই আঁতকে উঠলেন নিশিগঞ্জ (Nishiganj) ১ গ্রাম পঞ্চায়েতের সিটকিবাড়ি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে সকলের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন শিশুটির বাবা। তিনি দেখেন তাঁর স্ত্রী এবং সদ্যোজাত সন্তান জলাশয়ের মধ্যে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে মাকে উদ্ধার করা গেলেও, একরত্তিকে খুঁজে পেতে কালঘাম ছোটে। তড়িঘড়ি ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জলাশয়ে পাম্পসেট লাগিয়ে জল ছাঁকার পর উদ্ধার হয় সদ্যোজাতের নিথর দেহ। কীভাবে ভোররাতে ওই মহিলা জলাশয়ের ধারে গেলেন এ নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে, মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা (Physician) জানান, শিশুটির আগেই মৃত্যু হয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। প্রতিবেশীরা জানান, ওই দম্পতির আগে দুই সন্তান ছিল। নয় দিন আগেও তৃতীয়বার পুত্র সন্তান হওয়ায় বাড়ির সবাই ভীষণ আনন্দিত ছিলেন। কিন্তু কোন কারণে মা এবং বাচ্চা জলাশয়ের ধারে গেলেন তা নিয়ে সন্দেশ প্রকাশ করেছেন স্থানীয়রাও।
