নিশিগঞ্জ: মাদক পাচারের কাজে যে হাত পাকাচ্ছেন মহিলারাও, এদিন সেই তথ্যের প্রমাণ মিলল আবারও। সোমবার গাঁজা পাচার করতে গিয়ে নিশিগঞ্জে পুলিশের হাতে ধরা পড়ল দুই বোন। জানা গিয়েছে, এদিন কোচবিহার থেকে মাথাভাঙ্গাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে নাকা চেকিংয়ের সময় এই দুই বোনের কাছ থেকে উদ্ধার হয় ৫ টি ব্যাগ। ৫টি ব্যাগ থেকেই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিশেষভাবে প্যাকেট করা ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা। ঘটনায় ধৃত দুই বোন দক্ষিণ দিনাজপুর জেলার পাতিরাম এলাকার বাসিন্দা বলেই সূত্রের খবর। পুরুষদের পাশাপাশি পুলিশের চোখে ধুলো দিতে মহিলারাও যে গাঁজা পাচারের কাজে হাত পাকাচ্ছে, এদিনের ঘটনায় তা ফের প্রকাশ্যে এলো। এই প্রসঙ্গে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, ‘ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।’
