উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন বাহিনীর হাতে বন্দি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro)। ভেনেজুয়েলায় (Venezuela) ঢুকে রাতের অন্ধকারে তাঁকে বন্দি করে আমেরিকায় নিয়ে গিয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ‘নেভি সিল’ বাহিনী। এই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বুক ঠুকে এই অভিযান ও তার সাফল্যের কথা স্বীকার করে নিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। তবে এই ঘটনা ঘটার ৫ দিন আগেই নাকি ইঙ্গিত দিয়েছিলেন পেরুর একদল শামান বা তান্ত্রিক।
নববর্ষ উদযাপনের ঠিক আগে, পেরুর রাজধানী লিমার (Lima) সান ক্রিস্টোবাল পাহাড়ে প্রতি বছরের মতো এবারও বার্ষিক রীতিনীতি পালন করতে জড়ো হয়েছিলেন স্থানীয় শামানরা। সেখানেই বিশ্বনেতাদের ভবিষ্যৎ গণনা করতে গিয়ে তাঁরা মাদুরো সম্পর্কে বিস্ফোরক দাবি করেন। শামানরা স্পষ্ট জানিয়েছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সময় ফুরিয়ে এসেছে এবং তাঁর শাসনকালের অবসান আসন্ন।
পেরুর শামানদের এই ভবিষ্যৎ গণনায় বলা ছিল ‘মাদুরোর গদি টলমল করছে। তাঁর সামনে অপেক্ষা করছে চরম বিশৃঙ্খলা এবং বিপদ।” এই ভবিষ্যৎ বার্তার ঠিক কয়েকদিনের মাথাতেই মাদুরোকে বন্দি করল আমেরিকা।
পেরুর এই শামানরা মূলত কোকা পাতা, ফুলের পাপড়ি, সাপ এবং বিশ্বনেতাদের ছবি ব্যবহার করে তাঁদের বিশেষ আচার অনুষ্ঠান পালন করেন। লিমার পাহাড়ে মাদুরোর ছবির ওপর কোকা পাতা ছিটিয়ে এবং মন্ত্রোচ্চারণ করে তাঁরা এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। শামানরা দাবি করেছিলেন, প্রকৃতিই বলে দিচ্ছে যে মাদুরোর সময় শেষ।
শুধু মাদুরো নন, এই শামানরা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ভ্লাদিমির পুতিনের মতো নেতাদের নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন। তবে মাদুরোর গ্রেপ্তারের ঠিক ৫ দিন আগে করা তাঁদের এই নির্ভুল গণনা বর্তমানে সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে।
