উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নিয়মবহির্ভূতভাবে হোটেল পরিচালনা ও ব্যাপক অব্যবস্থার ছবি সামনে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। এই ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটিমাত্র বহুতলের মধ্যে একাধিক হোটেল চালানো, প্রচুর পরিমাণে এসি ব্যবহার এবং কোনও ধরনের নিয়মকানুনের তোয়াক্কা না করার বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। কীভাবে সিইএসসি সংযোগ দিল এবং তৃণমূল কংগ্রেসের আমলে কলকাতা পুরসভা কীভাবে ট্রেড লাইসেন্স পাশ করল, সেই বিষয়ে সরব হয়েছেন তিনি। পাশাপাশি, তৃণমূল জমানায় দমকলের ছাড়পত্র কীভাবে মিলল তা নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী। শহরে অবস্থিত এই ধরনের হোটেলগুলির পূর্ণাঙ্গ অডিট করা হবে বলে জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত দমকলমন্ত্রী কৌশিক চৌধুরীও তীব্র প্রতিক্রিয়া দিয়ে বলেন, এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং একটি কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বহুতলের ভেতরে একাধিক ছোট ছোট ঘুপচি ঘর ছিল এবং প্রচুর পরিমাণে এসি চলত। ভিনরাজ্য এবং বাংলাদেশ থেকে আসা পর্যটকরা মূলত এই সমস্ত হোটেলে উঠতেন। কিন্তু হোটেলগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা জরুরিকালীন পথ ছিল না বলে অভিযোগ।
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং বহুতল ও হোটেলের মালিকদের সন্ধানে জোর তল্লাশি চলছে। দমকল বিভাগের পক্ষ থেকেও সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এবং এর নেপথ্যেই বা কার গাফিলতি রয়েছে, তা খুঁজে বের করতে সিট-এর তদন্ত রিপোর্ট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

