উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মণিপুরের পরবর্তী (New Chief Minister Manipur) মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী যুম্নাম খেমচাঁদ সিং-এর (Yumnam Khemchand Singh) নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে নেতা নির্বাচিত করা হয়েছে। গত বছরের ৯ ফেব্রুয়ারি এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। প্রায় এক বছর পর ফের গণতান্ত্রিক সরকার ফেরার পথে মণিপুরে।
মণিপুরের ৬০ সদস্যের বিধানসভায় বিজেপির বর্তমান শক্তি ৩৭। ২০২২ সালের নির্বাচনে বিজেপি ৩২টি আসন জিতলেও পরে জেডিইউ-এর ৫ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাতত্ত্বের দিক থেকে তারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এবার খেমচাঁদ সিং-এর নাম এনডিএ-র (NDA) শরিক দলগুলির অনুমোদনের জন্য পেশ করা হবে। বর্তমান রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হওয়ার ১০ দিন আগেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল্লি বড় রাজনৈতিক চমক দিল।
কে এই যুম্নাম খেমচাঁদ সিং? মেইতেই (Meitei) সম্প্রদায়ের প্রতিনিধি খেমচাঁদ সিং মণিপুরের রাজনীতিতে একজন পরিচিত ও অভিজ্ঞ মুখ। তাঁর রাজনৈতিক কেরিয়ারের কিছু উল্লেখযোগ্য দিক:
- সিংজামেয়ি আসন: তিনি ২০১৭ এবং ২০২২ সালে পরপর দু’বার সিংজামেয়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন।
- স্পিকারের দায়িত্ব: ২০১৭ সালের মার্চ মাসে তিনি মণিপুর বিধানসভার স্পিকার নির্বাচিত হন এবং পূর্ণ মেয়াদে সেই দায়িত্ব পালন করেন।
- ক্যাবিনেট মন্ত্রী: ২০২২ সালে বীরেন সিং-এর দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তাঁর হাতে ছিল গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, শিক্ষা এবং আবাসন উন্নয়নের মতো দপ্তর।
বীরেন সিং পরবর্তী মণিপুর রাজ্যে জাতিগত হিংসার জেরে উত্তপ্ত পরিস্থিতির কারণে এন বীরেন সিং গত বছরের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। হিংসা বিধ্বস্ত মণিপুরে শান্তি ফিরিয়ে আনা এবং উন্নয়ন ত্বরান্বিত করাই এখন নতুন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং-এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কয়েক দিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।
