উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরের মাঝেই বিস্ফোরক (Explosive) উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে (Bengaluru)। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কাগালিপুরার একটি আশ্রমের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি জিলেটিন স্টিক। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। নিয়ম অনুযায়ী, ভিভিআইপি মুভমেন্টের আগে সেই রুট এবং সংলগ্ন এলাকা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে পুলিশ ও বম্ব স্কোয়াড। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তল্লাশির সময় ফুটপাতের পাশ থেকে বিস্ফোরকগুলি উদ্ধার হয়। খবর জানাজানি হতেই প্রধানমন্ত্রীর সভাস্থল ‘আর্ট অফ লিভিং’ সেন্টার এবং হ্যাল (HAL) বিমানবন্দরের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে এক ব্যক্তি নিজেই থানায় ফোন করে জানিয়েছিলেন যে, হ্যাল বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং সেন্টারের কাছে বিস্ফোরক রাখা আছে। ফোনের সূত্র ধরে তল্লাশি চালিয়ে বিমানবন্দর এলাকায় কিছু না মিললেও প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছে বিস্ফোরক মেলে। এরপরই কোরামাঙ্গালার বাড়ি থেকে ওই ব্যক্তিকে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ব্যক্তি আগেও একাধিকবার ভিআইপি সফরের সময় এই ধরনের ভুয়ো হুমকি ফোন করেছিলেন। অতীতে এই কারণে তাঁকে আটক করা হলেও মানসিক ভারসাম্যহীনতার কারণে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এবার নিছক হুমকি নয়, আস্ত বিস্ফোরক উদ্ধার হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোনও নাশকতামূলক চক্রের হাত রয়েছে কি না, তা জানতে ধৃতের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।
