নাগরাকাটা: পড়াশোনা, কাজ ও খেলাধূলা তিনটিই সমানতালে। বানারহাট ব্লকের অন্তর্গত ডায়না চা বাগানের (Diana Tea Backyard) শ্রমিক বিদ্যা নায়েক কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটেতে (Karate) স্বর্ণ পদক জিতে এখন নয়ণের মণি হয়ে উঠেছে তাঁর এলাকার। রবিবার নিজের বাগানে ফিরে আসার পর ২২ বছরের ওই কলেজ ছাত্রীকে সাদরে বরণ করে নেন স্থানীয়রা। উল্লেখ্য, ওই প্রতিযোগিতায় নেপাল ও মালয়েশিয়ার খেলোয়াড়রাও অংশগ্রহণ করেছিলেন।
বিদ্যার এই সাফল্যে উত্তরবঙ্গ নায়েক সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে রবিবার ব্যান্ড পার্টি সহ জাঁকজমকপূর্ণ ভাবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সন্মানিত করা হয় বিদ্যার বাবা ফেকন নায়েক ও মা উষা নায়েককেও। অনুষ্ঠানে ছিলেন নায়েক সমিতির সম্পাদক অজিত কুমার নায়েক সহ ওমপ্রকাশ নায়েক, প্রদীপ নায়েক-এর মত কর্তারা। স্থানীয় সমাজসেবী হেমন্ত কুজুর, ধরমপাল বনসল, হরি নায়েক এবং সরবন ওরাঁওদের মত আরও বহু মানুষ এতে যোগ দেন।
এই বিষয়ে অজিত কুমার নায়েক বলেন, “বিদ্যা আমাদের গোটা সমাজকে গর্বিত করেছে। চা বাগানের ছেলেমেয়েরা যে কারও থেকে কম নয়, সেকথা আরও একবার প্রমাণ হল ওর হাত ধরে।”
মেয়ের সাফল্যে চোখে জল বিদ্যার বাবা ও মা-এর। এই প্রসঙ্গে তাঁদের বক্তব্য, ছোটবেলা থেকেই সে খেলাধুলায় আগ্রহী। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিছু পদক জিতেছে। কিন্তু এবার আন্তর্জাতিক স্তরের স্বর্ণপদক (Gold Medal) প্রাপ্তি অন্য রকম অনুভূতি।
বিদ্যা জানান, তিনি গত ছয় বছর ধরে ডুয়ার্স ক্যারাটে অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তবে এবার নেপাল ও মালয়েশিয়ার খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করে স্বর্ণ পদক জিততে পেরে আলাদা আনন্দ অনুভব করছেন তিনি।
এই বিষয়ে বিদ্যা বলেন, “চা বাগানে কাজ করার পাশাপাশি পড়াশোনা ও খেলাধুলো দুটোই চালিয়ে যাচ্ছি। এতে কোনও অসুবিধে হচ্ছে না। ভবিষ্যতে ক্যারাটেকেই বেঁছে নিয়ে এগোতে চাই।”

