বেলডাঙ্গা: এ যেন কেঁচো খুঁড়তে কেউটে! তেমন ঘটনাই ঘটলো মুর্শিদাবাদের বেলডাঙ্গা লাগোয়া এলাকায়। রীতিমতো ডেরা বানিয়ে চলছিল ভুয়ো সিমকার্ডের রমরমা কারবার। রীতিমতো ব্লু প্রিন্ট বানিয়ে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই পুলিশকর্মীদের নিয়ে হানা দিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড আসিফ ইকবালকে ঝুনকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় তার ভাই বুরহান শেখকে। ধৃতদের হেপাজত থেকে ৩১১টি ভুয়ো সিমকার্ড উদ্ধার হয়েছে। পাওয়া গেছে ৪ টি কিপ্যাড মোবাইলও।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বহু মানুষ অফার দেওয়া নানা সিম কার্ড ব্যবহার করে তা বাতিল করে দেন। অভিযুক্তরা ওই সিম কার্ড সংগ্রহ করতেন। সেই সিম থেকে প্রথমে তথ্য সংগ্রহ করা হত। পরে সেসব সিম সাইবার জালিয়াতদের কাছে মোটা টাকায় বিক্রি করা হত বলে অভিযোগ। উত্তম গড়াই বলেন, ‘এই চক্রের সঙ্গে আরও বড় কোনও মাথা জড়িত থাকতে পারে। পুলিশ বিস্তারিত তদন্ত করে খতিয়ে দেখছে। রবিবার ধৃতদের সাত দিনের পুলিশের হেফাজত চেয়ে বহরমপুর আদালতে তোলা হয়।
