কান্দি: গ্রামের জমিতে ধান চাষ করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দি এলাকা। আর এই সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রমণের মুখে পড়ে গুরুতর জখম হলেন খোদ থানার আইসি মৃণাল সিনহা সহ আরও একাধিক পুলিশ কর্মী। ঘটনার দরুন ভেঙে ফেলা হয় একাধিক বাইকও। রক্তাক্ত অবস্থায় ওই আইসি-কে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কান্দির গোকর্ণ এলাকায় একটি চাষের জমি নিয়ে এই ঝামেলার সূত্রপাত হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের গাড়িকে লক্ষ্য করে দেদার ইট পাটকেল ছোড়ার পাশাপাশি ব্যপক ভাঙচুর চালায় একদল উন্মত্ত জনতা। সেই আক্রমণের মুখে পড়ে জখম হন পুলিশকর্মীরা। ঘটনার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশাল কমব্যাট ফোর্স এবং র্যাফ গ্রামে প্রবেশ করে। সন্ধ্যার শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
