উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বর্ষার দেরিতে আগমনের পর থেকেই মুম্বইয়ের (Mumbai Heavy Rain) ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। গত কয়েকদিন ধরে বিরামহীন বৃষ্টিতে নাজেহাল বাণিজ্যনগরী। শনিবার আবহাওয়া দপ্তরের (IMD) তরফে মুম্বই, থানে এবং পালঘরের জন্য জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় শহরজুড়ে এখন সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিন ও রবিবার মুম্বইয়ের বেশকিছু জায়গায় প্রবল বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, এই পরিস্থিতির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে মুম্বইয়ের বিচ্ছিন্ন কিছু এলাকায়। বৃষ্টির এই দাপট মঙ্গলবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা বৃষ্টির সরাসরি প্রভাব পড়েছে মুম্বইয়ের লাইফলাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবায়। পশ্চিম রেলওয়ের (Western Railway) পক্ষ থেকে জানানো হয়েছে, নালাসোপারা ও ভিরারের মধ্যবর্তী এলাকায় জল জমে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। সব লোকাল ট্রেন বর্তমানে ১৫-২০ মিনিট দেরিতে চলছে, যার ফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মুম্বইয়ের পাশাপাশি থানে, পালঘর এবং রায়গড় জেলাতেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবার জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) এবং সংশ্লিষ্ট জেলার হেল্পলাইন নম্বরগুলি খোলা রাখা হয়েছে যাতে বিপদের সময় দ্রুত সাহায্য পাওয়া যায়।
মৌসুমী বায়ুর এই মূর্তিতে মুম্বইয়ের জনজীবন কার্যত থমকে গিয়েছে। রাস্তাঘাট জলমগ্ন হওয়ার খবর আসছে বিভিন্ন প্রান্ত থেকে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করেছে এবং নীচু এলাকার মানুষদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। রেড অ্যালার্টের এই ৪৮ ঘণ্টা মুম্বইবাসীর কাছে বড় পরীক্ষার সময় হতে চলেছে। বৃষ্টির দাপট আর কতক্ষণ চলবে, তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও জটিল হতে পারে।
জরুরি হেল্পলাইন নম্বর:
BMC: ১৯১৬
পালঘর: ০২৫২৫-২৯৭৪৭৪ / ৯১-৮২৩৭৯৭৮৮৭৩
থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন: ০২২-২৫৩৬৪৭৭৯ / ০২২-২৫৩০১৭৪০ / ৯১-৯৩৭২৩৩৮৮২৭
থানে দুর্যোগ ব্যবস্থাপনা: ১৮০০-২২২-১০৮ / ৮৬৫৭৮৮৭১০১
পানভেল: ০২২-২৭৪৫৮০৪০/৪১/৪২

