ক্রান্তি: চেল নদীতে স্থায়ী সেতু না থাকা এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা নিয়ে বিধানসভায় সরব হলেন মাল বিধানসভার বিধায়ক শুক্রা মুন্ডা (MLA Shukra Munda)। বুধবার বিধানসভার অধিবেশনে এই দুই জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সোচ্চার হয়ে তিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।
বিধায়ক শুক্রা মুন্ডা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, মাল ও ক্রান্তি ব্লকের সমন্বয়ে গঠিত মাল বিধানসভা এলাকার মানুষের যাতায়াত ও স্বাস্থ্য পরিষেবায় যে সমস্যা রয়েছে তা অত্যন্ত উদ্বেগের। বিশেষ করে বর্ষাকালে চেল নদীতে স্থায়ী সেতু না থাকায় ক্রান্তি ব্লকের বাসিন্দাদের সাথে মাল ব্লকের প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। বিধায়ক এই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার করুণ দশার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দক্ষিণ হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে মাত্র একজন চিকিৎসক রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। সেই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটির সীমানাপ্রাচীর না থাকা এবং স্বাস্থ্যকর্মীদের আবাসনের বেহাল দশা এলাকাবাসীর স্বাস্থ্যসেবাকে আরও ব্যাহত করছে।
বিধায়ক শুক্রা মুন্ডা স্বাস্থ্যকেন্দ্রটিতে অবিলম্বে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্যকর্মী ও পরিকাঠামো উন্নয়নের জন্য দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। বিধানসভায় বিধায়কের এই সরব হওয়ার ঘটনাটি এলাকায় বেশ তাৎপর্য বহন করছে এবং উন্নয়নের আশায় দিন গুনছেন ক্রান্তিবাসী।

